উৎপাত

রাখলে খাবার মাছি বসে 
ইঁদুর পালায় নিয়ে।
ছুঁচো পালায় খাবারগুলো
নষ্ট করে দিয়ে।

সুযোগ পেলে দুষ্টু মিনি
মাছ ভাজি না ছাড়ে।
তেলাপোকা নোংড়া পায়ে
খাবারগুলো মাড়ে।

টিকটিকি বা মাকড়সাটাও
ওমন কাজের পটু।
ওদের কিছু যায় আসে না
বললে কথা কটু।

এমনতর অত্যাচারের
হয় কি কোনো মানে?
কবে এরা ভদ্র হবে
উপরওয়ালাই জানে।

১৪.০১.২২
চাঁপাইনবাবগঞ্জ।

আজ আমাদের ছুটি

আজ আমাদের ছুটি।
করবো ছুটোছুটি।
কাক তাড়াবো, বক তাড়াবো
ধরবো চুনোপুঁটি।

আজ আমাদের ছুটি।
সকল ছেলে জুটি
আম কুড়াবো, জাম কুড়াবো
পাড়বো ড্যাপল দুটি।

আজ আমাদের ছুটি।
করবো লুটোপুটি।
বউচি, নাকি কানামাছি
তাই নিয়ে খুনসুটি।

আজ আমাদের ছুটি।
কলার ভেলায় উঠি
মজায় মজায় ভাসবো, বাসায়-
দিক না বকা দুটি।

১৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বৃষ্টি ও ব্যস্ততা

মেঘ গুড়গুড়, দমকা বাতাস
বৃষ্টি এলো ঐ।
রত্না, রনি, মুক্তা, মনি
কই রে তোরা কই!

রোদে দেওয়া ফসল খোলায়
তোল না দ্রুত ঘরে।
শুকনো ফসল ভিজলে দেখিস
কাঁদতে হবে পরে!

আড়ে দেওয়া কাঁথা-কাপড়
শুকিয়ে গেছে ঢের।
মাখলে আবার জল-কাদাতে
কষ্ট পাবি টের।

পালান মাঠে ছাগল বাঁধা
ডাকছে ব্যাঁ-ব্যাঁ করে।
আন শিগগির, কানে পানি
ঢুকলে যাবে মরে।

ডাল মড়মড়, ঘর নড়বড়
ওরে তোরা থাম।
জুলুম ফেলে এখন আবার
কুড়াস কেন আম!

দৌড়-ঝাঁপে প্রাণ যায়-যায়
কাজ হলো যেই শেষ,
থামলো বাতাস, কাটলো যে মেঘ
বৃষ্টি নিরুদ্দেশ।

২৮.০৪.২১
চাঁপাইনবাবগঞ্জ।

দিন-রাত্রি

দিনটা অতি আলোয় ভরা
রাত্রি বেজায় কালো।
তাই নাকি সব রাতের চেয়ে
দিনকে বাসে ভালো।

দিনের আলো ভালো, তবে-
রাত যদি না হতো।
চাঁদের ওমন মিষ্টি আলো
কোথায় পাওয়া যেতো?

ডুব না দিলে দিনের শেষে
আলোয় ভরা বেলা।
মিটিমিটি হাজার তারার
বসতো কি আর মেলা?

আলো নিভে রাতের কালো
সামনে আসে তাই।
ঝিকিমিকি জোনাক পোকার
নিত্য দেখা পাই।

রাত যদি না আসতো ফিরে
সূর্য ডোবার পরে,
অনায়াসে আসল হীরে
চিনতে কেমন করে?

দিবা নাকি রাত্রি ভালো
সে কথা নয় আর।
দিন-রাত্রি ‍দুটো নিয়েই
বিশ্ব চমৎকার।

১৪.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ওষুধের বিচি

খোকনের ভারী জেদ
ওষুধ সে খাবে না।
গায় খুব জ্বর, তবু-
ক্লিনিকেও যাবে না।

সিরাপ বা বড়ি হোক
খাবে না সে যাই দাও।
পারবে না গেলাতে
হোমিওর গুলিটাও।
শেষমেষ দিদা তার

কী জানি কী ভেবে নেয়।
তারপর বড়ি এক
মিষ্টিতে পুরে দেয়।
মিষ্টির স্বাদে খোকা
বলে আহা বেশ বেশ।
এইবার সকলের
চিন্তার হলো শেষ!

তবুও কি সন্দেহে
দিদা বলে দাদু ভাই,
খেয়েছো কি ঠিকঠাক

একটুও বাকি নাই?
খোকা বলে, হ্যাঁগো দিদা
ঠিকঠাক গিলেছি।
শুধু ওর মাঝে থাকা
বিচিটাই ফেলেছি।

৩১.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।

ভূতের বাস

মেছো ভূত, গেছো ভূত
ভূতের কত জাত।
ল্যাংটো ভূতে বেরোয় নাকি
যখন গভীর রাত!

শ্যাওড়া গাছের ভূতরা নাকি
বিড়াল সেজে আসে!
তেঁতুল গাছের ভূতরা নাকি
নাক উঁচিয়ে হাসে!

কেদার কাকার কান মলেছে
কদম তলার ভূতে!
একটু হলেই পাতি ভূতে
পারতো রমায় ছুঁতে!

ভূতের ভয়ে ভর্তা সবাই
দাদুকে কয় খুলে।
অট্ট হেসে, দাদু বলেন
ভূতকে যেতে ভুলে।

দাদু দেখান গুগল করে
ভূত বলে নেই কিছু।
মিছেমিছিই ভূতের ভয়ে
দিচ্ছে সবাই হিসু।

ভূত থাকে না গাছের ডালে
ভূত থাকে না বনে।
অশরীরী ভূত শুধু রয়
ভীতু জনের মনে।

১৪.০১.২২
চাঁপাইনবাবগঞ্জ।

জি না স্যার, জি না স্যার

জি না স্যার, জি না স্যার
ড. ফরিদুল ইসলাম

যদি পাখিদের ছানা ধরি
তাই নিয়ে খেলা করি।
মা-পাখিটা খুব করে
ছানাদের খুঁজে ফেরে।
কেঁদে ভাসে বুক তার
ধরবো কি ছানা আর?

জি না স্যার, জি না স্যার।

যদি ফড়িংটা ধরে নিয়ে
লেজ বাঁধি সুতা দিয়ে।
উড়াই তা ঘুড়ি করে
ফড়িংটা কেঁদে মরে।
শেষে যায় প্রাণ তার!
ধরবো কি ফড়িং আর?
জি না স্যার, জি না স্যার।

যদি ব্যাঙটাকে ঢিল ছুড়ি
ওকে মেরে মজা করি।
ব্যাঙ বড় ব্যথা পায়
ব্যথায় আসে জ্বর গায়।
বেঁচে থাকা হয় ভার
করবো কি এসব আর?

জি না স্যার, জি না স্যার।

২.৯.২৩
রাজশাহী।

খোকা গেলো মাছ ধরতে

খোকা গেলো মাছ ধরতে
গড়াই নদীর বাঁকে।
জাল ফেলতেই তিতপুঁটিরা
উঠলো ঝাঁকে-ঝাঁকে।

কানা বগি আসলো ধেয়ে।
বললো, বাছা শোনো।
আমার সীমায় তুমি এসে
জাল ফেলেছো কেনো?

মিছেমিছি রাগছো বগি
একলা কি আর নেবো!
অর্ধেকটা আমি নিয়ে
আরটা তোমায় দেবো।

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খোকা ও ঘুঘুপাখি

খোকা চলে স্কুলে ওই
হাতে খাতা-পেন্সিল।
ডালে বসা ঘুঘু পাখি
দেখতেই ছোড়ে ঢিল।

ঘুঘু বলে, সোনা ছেলে
দিতে নেই কষ্ট।
শুধু-শুধু কেনো করো
বন্ধুতা নষ্ট?

ঢিল নয়, ফুল দাও
আমি দেবো পাকা ফল।
তবে সবে সুখে রবো
থাকবে না চোখে জল।

১৬.০৫,২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খোকন সোনার মুদিখানা

খোকন সোনার মুদিখানায়
চলছে ভালো বিকিকিনি।
চাল রয়েছে, ডাল রয়েছে
আছে হলুদ, আদা-চিনি।

ভোলা কেনে, ভুলু কেনে
কেনে খুকির বিড়ালটিও
মিঞ-মিঞ ডেকে বলে
খোকন, দুটো ইলিশ দিও।

খোকন বকে বিড়ালটিকে
করব মেরে আলুর দম।
মুদিখানায় মাছ নিতে চাও
বুদ্ধি তোমার এত কম!

১৭.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।