হীরামন টিয়ে রে

হীরামন টিয়ে রে
ডানা মেলে দিয়ে রে
উড়ে উড়ে কোথা যাও
আমাকেও সাথে নাও।

হুতুমের বিয়ে রে
সাজ-পাতি দিয়ে রে
ইয়া-বড় আয়োজন
ভরে যাবে পুরো বন!

বেলা গেলো বয়ে রে
দেরি গেলো হয়ে রে
নামখানি বলো না
যাবে যদি চলো না!

১০.১০.২৬, রাজশাহী।

মশা-মাছি

মশা-মাছি পাশাপাশি
থাকে না।
খোকা কভু উহাদের
ডাকে না।

তবু  আসে জ্বালাতে
উভয়েই।
তাহাদের কারও কোনো
মায়া নেই!

খোকা ক্ষেপে বলে, ওরে
দূরে যা।
না যাবি তো খোঁড়া করে
দেবো পা!

৩১.০৭.২৫
চাঁপাইনবাবগঞ্জ।

তেলাপোকা

ভাবছে খোকা
তেলাপোকা
এত্তো বোকা!

ওড়ে-হাঁটে
ময়লা ঘাটে
অকপটে!

নোংড়া চাটে
ভালো হতে
চায় না মোটে!

২০.০২.২৪, রাজশাহী।

কেঁচো

এই যে জনাব কেঁচো,
মাথা-মুণ্ডু, হাত-পা ছাড়া
কেমন করে বাঁচো?

সত্যি করে বলো,
শুকনো ছেড়ে নোংড়া-কাদায়
কোন কারণে চলো?

কেমন করে বাঁচো?
ব্যাঙ ধরে খায়, চ্যাঙ ধরে খায়
খায় তোমাকে ছুঁচো!

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কাঁকড়া দল

কাঁকড়া দলে
কাদায় চলে
আর কী করে?

ট্যাংরা-পুঁটি
দেখলে ছুটি
খাবলে ধরে।

দেখিস না ভাই
মাছগুলো তাই
কাঁপছে ডরে!

২০.০২.২৪, রাজশাহী।

হাতি ছানার বিয়ে

ঢোলক বাজে, সানাই বাজে
হাতিছানার বিয়ে।
চার বেহারা হাজির হলো
পালকি কাঁধে নিয়ে।

বাল্কি দেহের হাতিছানা
পাল্কি-মাঝে ওঠে।
হুন-হুনাহুন আওয়াজ তুলে
চার বেহারা ছোটে।

২০.০৬.২৫, রাজশাহী।

শোন ভাই কাক

শোন ভাই কাক
চুপচাপ থাক।
কিসের এত ডাকাডাকি
এত হাঁক-ডাক!

আরে ভাই যা না
তুই কি রে কানা?
দেখিস না ভয়ে মরে
ছোট ছোট ছানা!

২৭.০৯.২৫, রাজশাহী।

আটকে ফাঁদে

আটকে ফাঁদে ভীষণ কাঁদে
শেয়াল মামা।
ভুলু বকে জোর ধমকে
কান্না থামা!

ভাবিসনি তো মুরগি দুটো
চুরির আগে।
দেখবি এখন জেল হাজতে
কেমন লাগে!

১৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মিনি ডাকে মিঞ-মিঞ

মিনি ডাকে
মিঞ-মিঞ
দেখলে দুধের বাটি।
মিনিই আসে
সবার আগে
পাতলে খাবার পাটি।

মিনি থাকে
দুরে দুরে
দেখলে কাদামাটি।
মিনির গা’টা
তুলতুলে, আর-
ভীষণ পরিপাটি!

০৪.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ব্যাঙ মেহমান

ও কোলাব্যাঙ, ও কোলাব্যাঙ
দাওয়াত খেয়ে যাও।
রেঁধে দেবো কোরমা-পোলাও
আরো যা যা চাও!

খাবার শেষে পাবে তুমি
মিষ্টি খিলিপান।
কারণ, তুমি খোকন সোনার
স্পেশাল মেহমান!

০৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।