তরমুজের বিচি

জানো দিদা, জানো দিদা
তরমুজ খেতে,
শ’দুয়েক বিচি তার
চলে গেছে পেটে!

কিরা কেটে বলে গেছে
আবু, আব্বাছ।
সে বিচিতে জন্মাবে
শত শত গাছ!

সে গাছের তরমুজ
বড় হবে পেটে।
শেষে নাকি বের হবে
পেটখানি ফেটে!

হাসবে না, হাসবে না
ভয়ে যাই মরে।
এক্ষুণি ডাক্তার
ডেকে আনো ঘরে।

০২.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কাঁচাগোল্লা

অফিসের বড় বাবু
মিয়াচাঁন মোল্লা।
আচমকা শখ তার
খাবে কাঁচাগোল্লা।

হওয়া চাই খাসা, তাই-
ছুটলেন নাটোরে।
ডাকলেন সবাইকে
এক্ষুণি হাঁটোরে।

গিয়ে দেখে, হায় হায়
মোটেও তা কাঁচা নয়!
কড়া জ্বালে, জ্বাল করে
তারপর সেটা হয়।

গোল্লা তো নয়, যেনো-
গোল্লার ভর্তা।
শেষমেষ এই খাবে
এতো বড়ো কর্তা!

কাঁচা নয়, গোলও নয়
তবু কাঁচাগোল্লা!
রেগেমেগে ফেরে তাই
মিয়াচাঁন মোল্লা।

২৪.০৫.২৩
ঢাকা হতে রাজশাহীর পথে

যাচ্ছে মামা  বৈদ্য বাড়ি

যাচ্ছে মামা
বৈদ্যবাড়ি,
তার হয়েছে
অসুখ ভারী।

সামনে পেলেই
নিচ্ছে খেয়ে,
একশো লোকের
ভাতের হাঁড়ি!

১০.২.২৪, রাজশাহী।

নাচানাচি

রুমা নাচে, ঝুমা নাচে
নাচে দেখো জগটা।
কেঁপে কেঁপে নেচে যায়
থালা, বাটি, মগটা।

হাঁড়ি নাচে, বাড়ি নাচে
নাচে ছাদে ফ্যানটা।
নেচে নেচে দৌড়ায়
ভীতু গেটম্যানটা।

সব দেখে ছোট কাকা
দিয়ে ওঠে লম্ফ।
বলে, ওরে পালা পালা
এ যে ভূমিকম্প!

৩১.০৭.২৫
চাঁপাইনবাবগঞ্জ।

ওষুধের বিচি

খোকনের ভারী জেদ
ওষুধ সে খাবে না।
গায় খুব জ্বর, তবু-
ক্লিনিকেও যাবে না।

সিরাপ বা বড়ি হোক
খাবে না সে যাই দাও।
পারবে না গেলাতে
হোমিওর গুলিটাও।
শেষমেষ দিদা তার

কী জানি কী ভেবে নেয়।
তারপর বড়ি এক
মিষ্টিতে পুরে দেয়।
মিষ্টির স্বাদে খোকা
বলে আহা বেশ বেশ।
এইবার সকলের
চিন্তার হলো শেষ!

তবুও কি সন্দেহে
দিদা বলে দাদু ভাই,
খেয়েছো কি ঠিকঠাক

একটুও বাকি নাই?
খোকা বলে, হ্যাঁগো দিদা
ঠিকঠাক গিলেছি।
শুধু ওর মাঝে থাকা
বিচিটাই ফেলেছি।

৩১.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।

খোকা গেলো গড়াই বিলে

খোকা গেলো গড়াই বিলে
সঙ্গে গেলো হুলো।
ছিপ ফেলতেই খলসে-পুঁটি
উঠলো অনেকগুলো।

একে একে গুনলো খোকা
মাছ রয়েছে দুটি।
একখানা তার দারকিনা মাছ
একখানা তিতপুঁটি।

খেপলো খোকা। দুষ্টু হুলোর-
চমকে গেলো পিলে।
বললো কেঁদে, খাইনি আমি
সব খেয়েছে চিলে!

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খাদক

– মুখে কী?
– সন্দেশ।
– কটা খেলি?
– নটা শেষ।

– হাতে কী?
– পরোটা।
– কটা খাবি?
– বারোটা।

– ব্যাগে কী?
– লটকন।
– কতগুলো?
– প্রায় মণ।

– এত খাস?
– বারো মাস।
– ব্যামো হবে।
– সর্বনাশ।

০৬.৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কেদার কাকা

কেদার কাকার সাহস ভারী
সিংহ মারেন হাতে।
হয়নি কারো বুকের পাটা
লড়েন কাকার সাথে।

ছোট বড় সবার মুখে
খবর পাড়াময়।
হাতির সাথে পাঙ্গা নিতেও
নেইকো কাকার ভয়।

হঠাৎ কাকার জোর চিৎকার
বাঁচাও-বাঁচাও বলে।
দেখ না আমায়, হুল যে ফোটায়
হাজারটা ভিমরুলে!

নাভিশ্বাসে দৌড়ে এসে
সব বনে যায় বোকা।
ভিমরুল নয়, নাকের ডগায়
দুইখানা উইপোকা!

২৩.০৩.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

আছাড় খেলো রাজা মশাই

আছাড় খেলো রাজা মশাই
দেখলো কোলাব্যাঙ।
চেঁচায় কোলা দেখো-দেখো
ঘ্যাঙর-ঘ্যাঙর-ঘ্যাঙ।

কেউবা দেখে অট্টহাসে
কেউ হাসে মুখ ‍টিপে।
রাজা মশাই খুব ক্ষেপেছে
ব্যাঙ ঝুলাবে ছিপে!

ক্ষিপ্ত রাজা যেই না কোলার
ধরতে গেলো ঘাড়।
ডোবার জলে লাফিয়ে কোলা
দিলো পগারপার।