হীরামন টিয়ে রে

হীরামন টিয়ে রে
ডানা মেলে দিয়ে রে
উড়ে উড়ে কোথা যাও
আমাকেও সাথে নাও।

হুতুমের বিয়ে রে
সাজ-পাতি দিয়ে রে
ইয়া-বড় আয়োজন
ভরে যাবে পুরো বন!

বেলা গেলো বয়ে রে
দেরি গেলো হয়ে রে
নামখানি বলো না
যাবে যদি চলো না!

১০.১০.২৬, রাজশাহী।

জি না স্যার, জি না স্যার

যদি পাখিদের ছানা ধরি
তাই নিয়ে খেলা করি।
মা-পাখিটা খুব করে
ছানাদের খুঁজে ফেরে।
কেঁদে ভাসে বুক তার!
ধরবো কি ছানা আর?

জি না স্যার, জি না স্যার।

যদি ফড়িংটা ধরে নিয়ে
লেজ বাঁধি সুতা দিয়ে।
উড়াই তা ঘুড়ি করে
ফড়িংটা কেঁদে মরে।
শেষে যায় প্রাণ তার!
ধরবো কি ফড়িং আর?

জি না স্যার, জি না স্যার।

যদি ব্যাঙটাকে ঢিল ছুড়ি
ওকে মেরে মজা করি।
ব্যাঙ বড় ব্যথা পায়
ব্যথায় আসে জ্বর গায়।
বেঁচে থাকা হয় ভার!
করবো কি এসব আর?

জি না স্যার, জি না স্যার।

২.৯.২৩, রাজশাহী।

আমার চাওয়া

পাঠে বই খাতা চাই।
বৃষ্টিতে ছাতা চাই।
মুড়ি-চানাচুর চাই।
কিছু মতিচুর চাই।

গলা ভরা সুর চাই।
অভিমান দূর চাই।
বন্ধুতা পেতে চাই।
বহুদূর যেতে চাই।

জ্যামে-জটে রফা চাই।
ঘুষে ইস্তফা চাই।
আকাশটা ছুঁতে চাই।
অন্যায় ধুতে চাই।

সব মুখে হাসি চাই।
হায়েনার ফাঁসি চাই।
পাপ কাজে পানা চাই।
ভালো ষোলআনা চাই।

নির্মল বায়ু চাই।
স্বার্থক আয়ু চাই।
কষ্টের হ্রাস চাই।
শান্তির বাস চাই।

০৪.১০.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

তরমুজের বিচি

জানো দিদা, জানো দিদা
তরমুজ খেতে,
শ’দুয়েক বিচি তার
চলে গেছে পেটে!

কিরা কেটে বলে গেছে
আবু, আব্বাছ।
সে বিচিতে জন্মাবে
শত শত গাছ!

সে গাছের তরমুজ
বড় হবে পেটে।
শেষে নাকি বের হবে
পেটখানি ফেটে!

হাসবে না, হাসবে না
ভয়ে যাই মরে।
এক্ষুণি ডাক্তার
ডেকে আনো ঘরে।

০২.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কাঁচাগোল্লা

অফিসের বড় বাবু
মিয়াচাঁন মোল্লা।
আচমকা শখ তার
খাবে কাঁচাগোল্লা।

হওয়া চাই খাসা, তাই-
ছুটলেন নাটোরে।
ডাকলেন সবাইকে
এক্ষুণি হাঁটোরে।

গিয়ে দেখে, হায় হায়
মোটেও তা কাঁচা নয়!
কড়া জ্বালে, জ্বাল করে
তারপর সেটা হয়।

গোল্লা তো নয়, যেনো-
গোল্লার ভর্তা।
শেষমেষ এই খাবে
এতো বড়ো কর্তা!

কাঁচা নয়, গোলও নয়
তবু কাঁচাগোল্লা!
রেগেমেগে ফেরে তাই
মিয়াচাঁন মোল্লা।

২৪.০৫.২৩
ঢাকা হতে রাজশাহীর পথে

মশা-মাছি

মশা-মাছি পাশাপাশি
থাকে না।
খোকা কভু উহাদের
ডাকে না।

তবু  আসে জ্বালাতে
উভয়েই।
তাহাদের কারও কোনো
মায়া নেই!

খোকা ক্ষেপে বলে, ওরে
দূরে যা।
না যাবি তো খোঁড়া করে
দেবো পা!

৩১.০৭.২৫
চাঁপাইনবাবগঞ্জ।

তেলাপোকা

ভাবছে খোকা
তেলাপোকা
এত্তো বোকা!

ওড়ে-হাঁটে
ময়লা ঘাটে
অকপটে!

নোংড়া চাটে
ভালো হতে
চায় না মোটে!

২০.০২.২৪, রাজশাহী।

কেঁচো

এই যে জনাব কেঁচো,
মাথা-মুণ্ডু, হাত-পা ছাড়া
কেমন করে বাঁচো?

সত্যি করে বলো,
শুকনো ছেড়ে নোংড়া-কাদায়
কোন কারণে চলো?

কেমন করে বাঁচো?
ব্যাঙ ধরে খায়, চ্যাঙ ধরে খায়
খায় তোমাকে ছুঁচো!

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কাঁকড়া দল

কাঁকড়া দলে
কাদায় চলে
আর কী করে?

ট্যাংরা-পুঁটি
দেখলে ছুটি
খাবলে ধরে।

দেখিস না ভাই
মাছগুলো তাই
কাঁপছে ডরে!

২০.০২.২৪, রাজশাহী।

হাতি ছানার বিয়ে

ঢোলক বাজে, সানাই বাজে
হাতিছানার বিয়ে।
চার বেহারা হাজির হলো
পালকি কাঁধে নিয়ে।

বাল্কি দেহের হাতিছানা
পাল্কি-মাঝে ওঠে।
হুন-হুনাহুন আওয়াজ তুলে
চার বেহারা ছোটে।

২০.০৬.২৫, রাজশাহী।