ঘড়ির কাঁটা

ছোট্ট ঘরে ঘড়ির কাঁটা
টিক-টিক-টিক ছোটে।
জন্ম থেকে ছুটেও কাঁটা
যায়নি দূরে মোটে।

ঘুমায় না সে ঘড়ির কাঁটা
ছুটছে দিবা-রাত।
এত করে ছুটেও দেখো
বাজছে মোটে আট!

পিঁপড়ের বাড়ি

পিঁপড়ে সোনা, পিঁপড়ে সোনা
বুদ্ধি তোমার ভারি।
নিজের দাঁতে মাটি কেটে
তাতেই বানাও বাড়ি।

খোকা ও তেলাপোকা

শোবার ঘরে খুব শোরগোল
যাচ্ছে কেঁদে খোকা।
দৌড়ে এসে কান্ড দেখে
সাজলো সবাই বোকা!

সাপ-বিচ্ছু কিচ্ছুটি নয়
তেলাপোকার ছাও,
মশারিতে আটকে ছিলো
তাতেই যে হাউকাউ।

খুকুমণি’র ময়না

খুকুমণি’র ময়না
একটু দেরি সয় না।
পুতুল চেয়ে পায়নি বলে
আর সে কথা কয় না।

খুকু গেলো কুমোর বাড়ি
আনলো পুতুল দুটি।
ময়না সোনার মান ভেঙেছে
হাসছে কুটি-কুটি।

কে কী দেয়?

মুরগিরা ডিম দেয়
মৌমাছি মধু।
মশা কিছু দেয় না, সে-
কামড়ায় শুধু!

গাভী দেয় দুধ, আর-
গোলাপ সুবাস।
মাছি দেয় রোগব্যাধি
জেনো বারোমাস।

কলা চোর কাক

গাছের ডালে, খুব খেয়ালে
একটা পাজি কাক।
ভাবছে কিছু করবে চুরি
আবার ভাবে থাক।

হঠাৎ খুকি আনতে কিছু
যেই না গেলো ঘর।
কলা নিয়ে কাক পালালো
ধর-ধর! ধর, ধর!

আয় আয় ছোটো

আয় আয় ছোটো
ভাত খাবি দুটো।
ভাত হলো চাল-চাল
তাই বুঝি ভারী গাল!

ভারী গালে হবে কি?
বলে দাও খাবে কী?
স্বাদ পেতে জিলাপির
চলে এসো শিগগির!

আয় আয়, ঘুম আয়

আয় আয়, ঘুম আয়
আয় ঘুম আয়।
ঢুলু-ঢুলু চোখে খোকা
ঘুমদেশে যায়।

ঘুমদেশে খোকা আর –
ফুলপরী খেলে।
পরীরা পালায়, যদি
খোকা চোখ মেলে।

২৫.৬.২০২৩
চাঁপাইনবাবগঞ্জ।