
ডিম চোর
ড. ফরিদুল ইসলাম
পান্তাবুড়ির বাড়িতে
ডিম ছিল হা-হাঁড়িতে।
চুপি-চুপি চোর গিয়ে
যাচ্ছিলো ডি-ডিম নিয়ে।
হঠাৎ পায়ে ঠেকলো বাঁশ
ডিম ভেঙে স-সর্বনাশ!
ভাঙা ডিমে পড়লো ঠ্যাং
চোর গেলো চি-চিৎপটাৎ।
১৪.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ডিম চোর
ড. ফরিদুল ইসলাম
পান্তাবুড়ির বাড়িতে
ডিম ছিল হা-হাঁড়িতে।
চুপি-চুপি চোর গিয়ে
যাচ্ছিলো ডি-ডিম নিয়ে।
হঠাৎ পায়ে ঠেকলো বাঁশ
ডিম ভেঙে স-সর্বনাশ!
ভাঙা ডিমে পড়লো ঠ্যাং
চোর গেলো চি-চিৎপটাৎ।
১৪.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টুনটুনি ও টুনটুনি
ড. ফরিদুল ইসলাম
টুনটুনি ও টুনটুনি,
গাওনা দুটো গান শুনি।
গাও যদি তো এক্ষুনি-
কিনে দেবো ভুনভুনি।
এখন বেলা দশ বাজে।
খুব তাড়া ভাই, যাই কাজে।
আজকে না ভাই, অন্যদিন-
গান শোনাবো বিরামহীন।
১৯.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টমটম
ড. ফরিদুল ইসলাম
টমটম, টমটম
ঝাঁকি-ঝুঁকি কম-কম।
কোচওয়ান, দাও টান
খেতে যাবো চমচম।
টমটম, টমটম
ছুটে চলে হরদম।
ওঠে কেউ, নামে কেউ
ছুটি নেই একদম।
২৫.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ঘড়ির কাঁটা
ড. ফরিদুল ইসলাম
ছোট্ট ঘরে ঘড়ির কাঁটা
টিক-টিক-টিক ছোটে।
জন্ম থেকে ছুটেও কাঁটা
যায়নি দূরে মোটে।
ঘুমায় না সে ঘড়ির কাঁটা
ছুটছে দিবা-রাত।
এত করে ছুটেও দেখো
বাজছে মোটে আট!
৫.৫.২০২৩
চাঁপাইনবাবগঞ্জ।

পিঁপড়ের বাড়ি
ড. ফরিদুল ইসলাম
পিঁপড়ে সোনা, পিঁপড়ে সোনা
বুদ্ধি তোমার ভারি।
নিজের দাঁতে মাটি কেটে
তাতেই বানাও বাড়ি।
কেমন তোমার মাটির বাড়ি?
কেমন তোমার ঘর?
দেখতে আমায় সঙ্গে নেবে?
নই যে আমি পর।
১৫.৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ

খুকুমণি’র ময়না
ড. ফরিদুল ইসলাম
খুকুমণি’র ময়না
একটু দেরি সয় না।
পুতুল চেয়ে পায়নি বলে
আর সে কথা কয় না।
খুকু গেলো কুমোর বাড়ি
আনলো পুতুল দুটি।
ময়না সোনার মান ভেঙেছে
হাসছে কুটি-কুটি।
১৬.৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।