হীরামন টিয়ে রে

হীরামন টিয়ে রে
ডানা মেলে দিয়ে রে
উড়ে উড়ে কোথা যাও
আমাকেও সাথে নাও।

হুতুমের বিয়ে রে
সাজ-পাতি দিয়ে রে
ইয়া-বড় আয়োজন
ভরে যাবে পুরো বন!

বেলা গেলো বয়ে রে
দেরি গেলো হয়ে রে
নামখানি বলো না
যাবে যদি চলো না!

১০.১০.২৬, রাজশাহী।

খেঁকশিয়ালের ছানাপোনা

খেঁকশিয়ালের ছানাপোনা
ভীষণ পাজি
সবার জানা।

করতে তারা মুরগি চুরি
ঢুকলো বুড়ির
বাগানবাড়ি।

বড়টি তার আটকে ফাঁদে
হাউ-মাউ-মাউ
যাচ্ছে কেঁদে!

মেজো ভয়ে পালিয়ে গেলো
কোথায় গেলো
 আর না এলো!

ছোট্ট দেখে বলল, না-না
ওমন কাজে
আর যাবো না!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

শ্যাওড়াতলা

শ্যাওড়াতলা
রাত্রিবেলা
জমে ওঠে ভূতের মেলা!

আমদো ভূতে
মামদো ভূতে
সব ভূতেরাই ওঠে মেতে!

দলে দলে
ডালে ঝোলে
কট-মট-মট আওয়াজ তোলে!

হো-হো করে
হি-হি করে
সামনে পেলেই জাপটে ধরে!

লোম ভরা গায়
হাড়-গোড় খায়
সুযোগ পেলেই ঘাড় মটকায়!

ধুত্তোরি ছাই
ভাবছি হুদাই
মিথ্যে ওসব, কিচ্ছুটি নাই।

২৫.০৯.২৫, রাজশাহী।

সিংহ মামা

সিংহ মামা, সিংহ মামা
করছি তোমায় মানা।
এখন থেকে ভেড়ার দলে
আর দেবে না হানা।

ওরা দেখো শান্ত ভীষণ
তোমায় নিয়েই ভয়।
সারাটা ক্ষণ ভয়ে থাকে
কখন যে কী হয়!

তুমিও তো ওদের মতো
খেতেই পারো ঘাস।
তাতেও যদি পেট না ভরে
করিও চাষবাস।

১৫.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

সাজুগুজু

খুকু করে সাজুগুজু
স্নো মাখে চুলে!
কাজলটা কোথা দেবে
খুকু গেলো ভুলে।

পরে যেই মনে হলো
মেখে নিলো গালে!
লিপস্টিক নাকে মাখে

আইব্রো কপালে!
চুড়িগুলো পায়ে নিলো
নূপুরটা কানে!
খুকুমণি সাজুগুজু
খুব ভালো জানে!

৩০.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

সাঁতার শেখা

ও কোলাব্যাঙ, শুনছো না যে
যাচ্ছি কতো ডেকে।
এমন ভালো সাঁতার তুমি
শিখলে কোথা থেকে!

কোন কোচিংয়ে ক্লাস করেছো
শেখালো কোন স্যার?
সেখান থেকেই শিখবো আমি
নামটা বলো তার।

ব্যাঙ হেসে কয়, তেমনটা নয়
শিখতে হলে।
খোকা তোমায় সাহস করে
নামতে হবে জলে।

৩০.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

শংকর মামা ও বাঘ

জু-তে গেলো ঘুরতে
শংকর মামা।
বাঘ ছিলো খালি গায়ে
দিতে গেলো জামা।

হুংকার ছেড়ে বাঘ
ধরে ফেলে ঘাড়।
আটকায় বাঘটারে
সে সাধ্য কার!

চিৎকার করে মামা
বলে, ব্যাটা ছাড়।
যার-তার উপকার
করবো না আর।

০৭.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

রাগ করেছে খোকন সোনা

রাগ করেছে
খোকন সোনা
কারো কাছেই যাচ্ছে না।

শত করে
বলার পরেও
কিচ্ছুটি সে খাচ্ছে না।

নিচ্ছে সবাই
মণ্ডা-মিঠাই
সে বুঝি আর পাচ্ছে না।

কাঁদছে সে তাই
কেনো সবাই
আরেকটি বার সাধছে না!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
দেখলো যারা, ধরলো তারা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিলো পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

রান্নাঘরে ঢুকে মিনি

রান্নাঘরে ঢুকে মিনি
খেলো ইলিশ ভাজি।
তাই তো খোকা খুব ক্ষেপেছে
শাস্তি দেবে আজি।

বসলো খোকা চেয়ার পেতে
যেমন বসেন রাজা।
হাজির হলো দেখতে সবাই
কী হয় মিনির সাজা।

বললো মিনি, আগে খোকা
আমার কথা শোনো।
ক্ষুধায় ছিলাম, তাই খেয়েছি
শাস্তি দেবে কেনো?

১১.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।