এক যে ছিলো

১.
এক যে ছিলো রাজা।
বাসতো ভালো খাজা।
আজব তার এক নিয়ম ছিলো,
দেশটাকে কেউ বাসলে ভালো
দিতেন তারে সাজা।

২.
এক যে ছিলো উজির।
শেষ ছিলো না পুঁজির।
রং-তামাশা-মাস্তি হতো
আসতো সেথায় ভক্ত যতো।
বসতো আসর বাজির।

৩.
এক যে ছিলো দেশ
চলছিলো তা বেশ।
রাজা-উজির স্বস্তিতে,
মাতম চলে বস্তিতে।
দেশটা এবার শেষ!

আছাড় খেলো রাজা মশাই

আছাড় খেলো রাজা মশাই
দেখলো কোলাব্যাঙ।
চেঁচায় কোলা দেখো-দেখো
ঘ্যাঙর-ঘ্যাঙর-ঘ্যাঙ।

কেউবা দেখে অট্টহাসে
কেউ হাসে মুখ ‍টিপে।
রাজা মশাই খুব ক্ষেপেছে
ব্যাঙ ঝুলাবে ছিপে!

ক্ষিপ্ত রাজা যেই না কোলার
ধরতে গেলো ঘাড়।
ডোবার জলে লাফিয়ে কোলা
দিলো পগারপার।

আমাদের

আমাদের পুষি
খুব-খুব খুশি।
আমাদের ভুলু
যেন গুলুগুলু।

আমাদের পাখি
করে ডাকাডাকি।
আমাদের খুকি
নাম টুকটুকি।

আমাদের আমি
চলি আর থামি।
আমাদের বাড়ি
সুন্দর ভারী।

বিশাল নেতা

চাপড়ে নেতা
চেয়ার ভাঙেন।
মাইক ফাটান ভাষণে।
আমার চেয়ে যোগ্য বলুন
কে আছে এই আসনে?

জেতার পরে
বেটার পাবেন।
সিলটা মারুন জাম্বুরায়।
বিলিভ মি, এই মনটা শুধু
সেবা করার সুযোগ চায়।

মিষ্টি কথায়
মন ভরে যায়।
খবর ছড়ায় দিক-বিদিক।
শ্রোতারা সব সমস্বরে
চিল্লিয়ে কন কথা ঠিক।

পক্ষে সবাই
গাইলো সাফাই।
পক্ষে নেতার বাঁধলো জোট।
সেই ভোটে এই বিশাল নেতা
পেলেন শুধু নিজের ভোট।