খোকন সোনার মুদিখানা

খোকন সোনার মুদিখানায়
চলছে ভালো বিকিকিনি।
চাল রয়েছে, ডাল রয়েছে
আছে হলুদ, আদা-চিনি।

ভোলা কেনে, ভুলু কেনে
কেনে খুকির বিড়ালটিও
মিঞ-মিঞ ডেকে বলে
খোকন, দুটো ইলিশ দিও।

খোকন বকে বিড়ালটিকে
করব মেরে আলুর দম।
মুদিখানায় মাছ নিতে চাও
বুদ্ধি তোমার এত কম!

১৭.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।

খোকা গেলো গড়াই বিলে

খোকা গেলো গড়াই বিলে
সঙ্গে গেলো হুলো।
ছিপ ফেলতেই খলসে-পুঁটি
উঠলো অনেকগুলো।

একে একে গুনলো খোকা
মাছ রয়েছে দুটি।
একখানা তার দারকিনা মাছ
একখানা তিতপুঁটি।

খেপলো খোকা। দুষ্টু হুলোর-
চমকে গেলো পিলে।
বললো কেঁদে, খাইনি আমি
সব খেয়েছে চিলে!

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খাদক

– মুখে কী?
– সন্দেশ।
– কটা খেলি?
– নটা শেষ।

– হাতে কী?
– পরোটা।
– কটা খাবি?
– বারোটা।

– ব্যাগে কী?
– লটকন।
– কতগুলো?
– প্রায় মণ।

– এত খাস?
– বারো মাস।
– ব্যামো হবে।
– সর্বনাশ।

০৬.৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
জেলের জালে পড়লো ধরা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিল পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কেদার কাকা

কেদার কাকার সাহস ভারী
সিংহ মারেন হাতে।
হয়নি কারো বুকের পাটা
লড়েন কাকার সাথে।

ছোট বড় সবার মুখে
খবর পাড়াময়।
হাতির সাথে পাঙ্গা নিতেও
নেইকো কাকার ভয়।

হঠাৎ কাকার জোর চিৎকার
বাঁচাও-বাঁচাও বলে।
দেখ না আমায়, হুল যে ফোটায়
হাজারটা ভিমরুলে!

নাভিশ্বাসে দৌড়ে এসে
সব বনে যায় বোকা।
ভিমরুল নয়, নাকের ডগায়
দুইখানা উইপোকা!

২৩.০৩.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কানাবগি কাঁদছে ভীষণ

কানাবগি কাঁদছে ভীষণ
বসে শাপলা বিলে।
একটা মাছও নেই অবশেষ
সব খেয়েছে চিলে!

কী খাবে আজ কানাবগি
কী খাবে তার ছা?
কোন সে খাবার মুখে দিয়ে
বলবে বাছা খা?

পাবদা, বাটা বাদই দিলাম
খলসে-পুটিও নাই।
কানাবগি হুঁ-হুঁ করে
কাঁদছে বসে তাই।

কাক ও কোকিল

দুষ্টু কাকে মিষ্টি হেসে
আসলো কোকিল বাড়ি।
বললো আহা, রান্না তোমার-
ভুলতে যে না পারি!

কোকিল গেলো রান্না ঘরে
রাঁধলে খাবে কাকে।
দুষ্ট কাকে কোকিল বাসায়
ডিম দিলো সেই ফাঁকে।

ক’দিন বাদে সে ডিম ফুটে
বাচ্চা করে কা-কা।
বুঝলো কোকিল চালাকিতে
কাকটা ভীষণ পাকা।

কুমির কাকু

কুমির কাকু, কুমির কাকু
ছোট্ট তোমার হাত।
চোয়াল তোমার শক্ত ভীষণ
খুব ধারালো দাঁত।

কালকে কেনো ডুবের সময়
কান নিয়েছো গাধার?
জলায় তোমার সাহস ভারী
সে কি তোমার দাদার?

আবার যদি এমন করো
আমরা সবাই মিলে
আনবো ডেকে হাঙ্গরটাকে
খাবে তোমায় গিলে।

 আমি ছোট পাখি

আমি ছোট পাখি
ডালে ডালে থাকি।
খাই-দাই গান গাই
কিচিমিচি ডাকি।

মিতা মোর বাঘ
খুব তার রাগ।
ইয়াবড় লেজ, গায়ে-
ডোরাকাটা দাগ।

দেখে সবে তাকে
ভয়ে ভয়ে থাকে।
বন্ধুটা ভয় পায়
শুধু সিংহকে।

আয় আয় টি টি

আয় আয় টি টি
ডিম দিবি দুটি।
ডিম নেই পেটে
ধান দেবো খেতে।

ধান ঘরে কম-কম
খোকা চায় টমটম।
টমটমে চার চাকা
খোকা বাবু যায় ঢাকা।

ঢাকাতে সে খুদ খায়।
ঘোরেফেরে, নাও বায়।
নাওয়ে চেপে ফেরে ঘর,
পুরো তিন মাস পর।

পথে ছিলো মুরগিটি
আয়-আয় টি-টি।