মানুষ হওয়া চাই

আম্মু বলে লক্ষ্মী ছেলে
মনটা দিয়ে পড়ো।
হতেই হবে ডাক্তার বা-
ইঞ্জিনিয়ার বড়ো।

আব্বু বলে হতে হলে
বিশাল ব্যারিস্টার,
লেখাপড়া ভিন্ন কিছু
পথ জেনো নাই আর।

দাদু মাথায় হাত বুলিয়ে
বলেন দাদু ভাই,
সবার আগে সোনারে তোর-
মানুষ হওয়া চাই।

০৮.০৫.২৩

চাঁপাইনবাবগঞ্জ।

মাটির পুতুল

দেখো মাগো মাটির পুতুল
খেলনা হাঁড়ি আরো!
কোথা থেকে পেলাম এসব
বলতে কি মা পারো?

বুবুর সাথে সরষেক্ষেতে
বথুয়া শাক তুলে
রেখেছিলাম যত্ন করে
গায়ের চাদর খুলে।

সে শাক নিয়ে আমি-বুবু
গেলাম কুমোরবাড়ি।
তাতেইতো মা পুতুল নিলাম
নিলাম খেলার হাঁড়ি।

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মাকড়সা

মাকড়সা, মাকড়সা
ইয়া-বড় পেট।
পেট থেকে ‍সুতো নিয়ে
বুনে যাও নেট।

সেই নেট কৌশলে
রাখো তুমি পেতে।
পোকা তাতে আটকায়
উড়ে যেতে যেতে।

মাকড়সা, তোমার কি
দয়া-মায়া নেই?
পোকাগুলো খাও, নেটে
আটকায় যেই!

২০.০৬.২৫, রাজশাহী।

বাদর

বাদরের বাড়ি কোথা
মাটিতে, না গাছে?
কিসে তার ভারী লোভ
মাংস না মাছে?

বাদরের শরীরের
সবই নাকি হাত!
কোন হাত দিয়ে তবে
খায় গো সে ভাত?

পা নেই তবে কি সে
হাত দিয়ে হাঁটে?
ছোটদের দেখে কেনো
ভেংচি সে কাটে?

দিন রাত কেনো চলে
বাদরামি ওর?
জেনে বুঝে নাম তার
কে দিলো বাদর?

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বাঁকির ক্রেতা

– ও দোকানি
– কওগো শুনি।

– জিনিস নেবো।
– কী কী দেবো?

– লিস্টের এসব।
– দিচ্ছি সেসব।

– কতো হলো?
– একশো ষোলো।

– ব্যাগে ভরো।
– দামটা ছাড়ো।

– নিচ্ছি বাঁকি।
– খ্যাপা নাকি!

০৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বসবাস

গরু থাকে গোয়ালে
মুরগিরা খোপে।
শেয়ালেরা গর্তে
গুইসাপ ঝোপে।

কাঁকড়ারা কাদাতে
মাছ থাকে জলে।
ভিটামিন থাকে জেনো
তাজা ফলমূলে।

খোকা থাকে ঘরে, আর-
বাঘ মামা বনে।
কুনোব্যাঙ বাস করে
চিপা-চাপা কোনে।

১৩.০৬.২২
চাঁপাইনবাবগঞ্জ।

প্রজাপতি, প্রজাপতি
যাচ্ছো কোথা উড়ে?
আমায় তোমার সঙ্গে নেবে
ঘুরতে কোথাও দূরে?

তোমার মতোই লক্ষ ফুলের
সুবাস নেবো আমি ।
বিনিময়ে পাবে আমার
খেলনা যত দামি!

প্রজাপতি, প্রজাপতি
বলছো না যে কিছু!
এই যে দেখো, সত্যি এবার-
নিলাম তোমার পিছু!

১০.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

পুষির পড়া

কখন থেকে যাচ্ছি ডেকে
যায় কি কথা কানে?
পড়ার সময় ফাঁকিবাজির
হয় কি কোনো মানে?

লাফালাফি-ছুটোছুটি
তার বেলাতে বেশ।
পড়ার সময় এলেই কেবল
নেই বাহানার শেষ!

ক’দিন পরে পরীক্ষাতে
করবি যদি ফেল।
তখন পুষি দেবো তোরে
একশ দিনের জেল!

০৪.০৯.২৬
চাঁপাইনবাবগঞ্জ।

পুতুল সোনা

পুতুল সোনা, আর কেঁদো না
কী করে তোর মান ভাঙাই?
ও পেয়েছি, ঠিক ধরেছি
একটা যে রাজপুত্র চাই!

সন্ধ্যা-সকাল, রাত্রি-বিকাল
যা খোঁজাটা খুঁজছি ভাই,
এত করে, খোঁজার পরেও
পাচ্ছি না ঠিক যেমন চাই।

সবুর করো, ধৈর্য ধরো
আমি তো আর বসে নেই,
পালকি করে, আনব তারে
একটা তেমন মিলবে যেই।

১৩.০৪.১৫
এনায়েতপুর, সিরাজগঞ্জ।

পাখিদের নাচ

টুনি নাচে পাতার ফাঁকে
দোয়েল নাচে ডালে।
শালিক নাচে বেড়ার পাশে
ঘুঘু ঘরের চালে।

ময়ূর নাচে মাঝ উঠানে
কাকাতুয়া খাঁচায়।
টিয়া নাচে বারান্দাতে
ফিঙ্গে নাচে মাচায়।

সবার দেখে কাকের নাচার
ইচ্ছে হলো ভারী
হোঁচট খেয়ে পড়ে গিয়ে
খাচ্ছে গড়াগড়ি।

০৩.০২.২৩
চাঁপাইনবাবগঞ্জ।