পাখিদের চলাচল

চিল দেখো ওড়ে
মেঘের ওপরে।
উট পাখি হাঁটে
কেবলই মাটিতে।

টুনটুনি নাচে
এ গাছে ও গাছে।
পানকৌড়ি’টায়
জলে দিন কাটায়

হাঁস হেসে চলে
জলে আর স্থলে
আমি চেয়ে দেখি
হরেক এই পাখি।

২.৪.২৫, রাজশাহী।

পটকা ও রুই

পটকা ছোটে, নদীর স্রোতে
সামনে বাধে রুই।
রুক্ষ গলায় পটকা শুধায়
কে রে ব্যাটা তুই?

রুইটা বলে, তুমি কে হে
আমি মাছের রাজা।
তুই-তুকারি করলে পাবে
কঠিনতম সাজা!

পেট ফুলিয়ে পটকা এবার
রুইকে দেখায় ভয়।
পটাস্ করে পেটটি ফেটে
মরণ যে তার হয়!

০৫.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

নাচানাচি

রুমা নাচে, ঝুমা নাচে
নাচে দেখো জগটা।
কেঁপে কেঁপে নেচে যায়
থালা, বাটি, মগটা।

হাঁড়ি নাচে, বাড়ি নাচে
নাচে ছাদে ফ্যানটা।
নেচে নেচে দৌড়ায়
ভীতু গেটম্যানটা।

সব দেখে ছোট কাকা
দিয়ে ওঠে লম্ফ।
বলে, ওরে পালা পালা
এ যে ভূমিকম্প!

৩১.০৭.২৫
চাঁপাইনবাবগঞ্জ।

ধেড়ে ও হুলো

জানো! সে কি কাণ্ড!
একখানা ধেড়ে,
বেরোতেই হুলো তাকে
নিয়ে গেলো তেড়ে!

এত করে বলে ধেড়ে
ছাড়েনাকো হুলো।
ধেড়ে তাই হুলোটার
চোখে ছোড়ে ধুলো!

হুলোর কী চিৎকার
চোখ গেল বলে।
সেই ফাঁকে এক লাফে
ধেড়ে গেল চলে!

১১.০৭.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ডালে ডালে দোলন চাঁপা

ডালে ডালে দোলনচাঁপা
ফুটল ওই।
সুবাসে তার খোকন জেগে
উঠল ওই।

খোকন হাসে, চাঁপা হাসে
একসাথে।
ফুল-পাখিরাও যোগ দিয়েছে
এই প্রাতে।

খোকন-চাঁপা, ফুল-পাখিরা
বন্ধু তাই।
সবাই মিলে হাসে, মনে-
দুঃখ নাই।

০৪.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।

ডোবার পাশে পাতি হাঁসে

ডোবার পাশে পাতিহাঁসে
ডিম দিয়েছে নীল।
কে দেখেছে, কে দেখেছে
দেখেছে গাঙচিল।

সে ডিম পেতে, উপর হতে
ছোঁ-মারে চিল যেই,
কোথায় গেলো, কোথায় গেলো
ডিমখানাতো নেই!

এইতো ছিলো, কই হারালো
খুঁজে না পায় চিল।
খোকন সোনা সে ডিম হাতে
হাসছিলো খিলখিল।

১৫.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ট্যাংরা ও ব্যাঙ

ট্যাংরা মাছের কাঁটা খেয়ে
ব্যাঙের এলো জ্বর।
তিন-তিনটে কাঁথা নিয়েও
কাঁপছিলো থর-থর।

ট্যাংরা রেগে ব্যাঙকে বলে
কানটা ‍খুলে শোনো,
শেষবারটি বলছি, মাছ আর-
ধরবে না কক্ষণো।

খলসে-পুঁটি বন্ধু আমার
চিংড়ি আমার ভাই।
ওদের ধরে খাও যদি তো
রক্ষা তোমার নাই।

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টুনি ও হুলো

ছোট পাখি টুনটুনি
নেচে যায় মাচায়।
হুলো গিয়ে ধরে নিয়ে
পুরে দিলো খাঁচায়!

টুনি তাই টেনশনে
কে যে তারে বাঁচায়?
হঠাৎ কী ভেবে সুখে
লেজখানি নাচায়!

হুলো দেখে হাঁ-হয়ে
ছোটপাখি বলে,
খাঁচাটার ফাঁক গলে
টুনি গেলো চলে!

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

জোনাকি

ও জোনাকি, ও জোনাকি
সত্যি করে বলো।
গায়ের মাঝে আগুন জ্বেলে
কেমন করে চলো?

দিনে আগুন কোথায় হারায়
রাত্রে কোথায় পাও?
কেমন তোমার যাদুর আগুন
একটু বলে যাও।

নয় সে আগুন, আলোর খনি
তাতেই চলি পথ।
ঘন কালো অন্ধকারেও
দিব্যি ছুটাই রথ।

৬.৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

ছোটন সোনা

ঝিঙে গাছে ফিঙে নাচে।
লাউয়ের মাচায়-
টুনটুনি।

সারাটা দিন ছোটন সোনা
বাজায় শুধু-
ঝুনঝুনি।

আয় রে ছোটন, খাবি এখন
খাসনি সোনা-
গতকাল।

বলছে ছোটন, আর কিছুক্ষণ
এখন তো মা-
খুব সকাল!

২৯.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।