বিশাল নেতা

চাপড়ে নেতা
চেয়ার ভাঙেন।
মাইক ফাটান ভাষণে।
আমার চেয়ে যোগ্য বলুন
কে আছে এই আসনে?

জেতার পরে
বেটার পাবেন।
সিলটা মারুন জাম্বুরায়।
বিলিভ মি, এই মনটা শুধু
সেবা করার সুযোগ চায়।

মিষ্টি কথায়
মন ভরে যায়।
খবর ছড়ায় দিক-বিদিক।
শ্রোতারা সব সমস্বরে
চিল্লিয়ে কন কথা ঠিক।

পক্ষে সবাই
গাইলো সাফাই।
পক্ষে নেতার বাঁধলো জোট।
সেই ভোটে এই বিশাল নেতা
পেলেন শুধু নিজের ভোট।

ডিম চোর

পান্তাবুড়ির বাড়িতে
ডিম ছিল হা-হাঁড়িতে।
চুপি-চুপি চোর গিয়ে
যাচ্ছিলো ডি-ডিম নিয়ে।

হঠাৎ পায়ে ঠেকলো বাঁশ
ডিম ভেঙে স-সর্বনাশ!
ভাঙা ডিমে পড়লো ঠ্যাং
চোর গেলো চি-চিৎপটাৎ।