খোকা গেলো গড়াই বিলে

খোকা গেলো গড়াই বিলে
সঙ্গে গেলো হুলো।
ছিপ ফেলতেই খলসে-পুঁটি
উঠলো অনেকগুলো।

একে একে গুনলো খোকা
মাছ রয়েছে দুটি।
একখানা তার দারকিনা মাছ
একখানা তিতপুঁটি।

খেপলো খোকা। দুষ্টু হুলোর-
চমকে গেলো পিলে।
বললো কেঁদে, খাইনি আমি
সব খেয়েছে চিলে!

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খাদক

– মুখে কী?
– সন্দেশ।
– কটা খেলি?
– নটা শেষ।

– হাতে কী?
– পরোটা।
– কটা খাবি?
– বারোটা।

– ব্যাগে কী?
– লটকন।
– কতগুলো?
– প্রায় মণ।

– এত খাস?
– বারো মাস।
– ব্যামো হবে।
– সর্বনাশ।

০৬.৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
জেলের জালে পড়লো ধরা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিল পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কেদার কাকা

কেদার কাকার সাহস ভারী
সিংহ মারেন হাতে।
হয়নি কারো বুকের পাটা
লড়েন কাকার সাথে।

ছোট বড় সবার মুখে
খবর পাড়াময়।
হাতির সাথে পাঙ্গা নিতেও
নেইকো কাকার ভয়।

হঠাৎ কাকার জোর চিৎকার
বাঁচাও-বাঁচাও বলে।
দেখ না আমায়, হুল যে ফোটায়
হাজারটা ভিমরুলে!

নাভিশ্বাসে দৌড়ে এসে
সব বনে যায় বোকা।
ভিমরুল নয়, নাকের ডগায়
দুইখানা উইপোকা!

২৩.০৩.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বক ও পাতিহাঁস

বড় পায়ে বক চলে
ছোটে পায়ে পাতিহাঁস।
দু’জনেই ভালোবাসে
কাঁটাওয়ালা ছোট মাছ।

বক যায় বহুদূর
পাতিহাঁস ফেরে ঘর।
দু’জনেই ফেরে বিলে
রাত পোহাবার পর।

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

পেঁচি বুড়ি

পেঁচি বুড়ি, পেঁচি বুড়ি
মুখ কেন হাঁড়ি?
এক্ষুনি চলে এসো
আমাদের বাড়ি।

খেতে দেবো দুধ-ভাত
খেতে দেবো দই।
মজা হবে যদি সবে
একসাথে রই।

১০.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

আজ পুতুলের বিয়ে

আজ পুতুলের বিয়ে
আলতা-কাজল দিয়ে।
টোপর মাথায় বর এসেছে
পাগলা ঘোড়া নিয়ে।

হলো মজার রান্না।
প্যাঁচা বেশি খান না।
ন-গামলা শেষ করে কয়
আর বেশি সে চান না!

নীল পাখি

নীল পাখি, চেয়ে দেখি
পাখা দুটি নেড়ে।
নেচে নেচে চলে যাও
মেঘের উপরে!

নীল পাখি, শেখাবে কি
উড়তে আমায়?
উড়ে উড়ে বহুদুরে
যেতে মন চায়।

১৯.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

তাই-তাই খেলি

গুনগুন গেয়ে
টিপটিপ পায়ে
টুনটুন চলে
যেতে যেতে বলে।
আয় আয় সবে
হই হই রবে।
হাতে হাতে মেলি
তাই-তাই খেলি।

কানাবগি কাঁদছে ভীষণ

কানাবগি কাঁদছে ভীষণ
বসে শাপলা বিলে।
একটা মাছও নেই অবশেষ
সব খেয়েছে চিলে!

কী খাবে আজ কানাবগি
কী খাবে তার ছা?
কোন সে খাবার মুখে দিয়ে
বলবে বাছা খা?

পাবদা, বাটা বাদই দিলাম
খলসে-পুটিও নাই।
কানাবগি হুঁ-হুঁ করে
কাঁদছে বসে তাই।