ট্যাংরা ও ব্যাঙ

ট্যাংরা মাছের কাঁটা খেয়ে
ব্যাঙের এলো জ্বর।
তিন-তিনটে কাঁথা নিয়েও
কাঁপছিলো থর-থর।

ট্যাংরা রেগে ব্যাঙকে বলে
কানটা ‍খুলে শোনো,
শেষবারটি বলছি, মাছ আর-
ধরবে না কক্ষণো।

খলসে-পুঁটি বন্ধু আমার
চিংড়ি আমার ভাই।
ওদের ধরে খাও যদি তো
রক্ষা তোমার নাই।

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টুনি ও হুলো

ছোট পাখি টুনটুনি
নেচে যায় মাচায়।
হুলো গিয়ে ধরে নিয়ে
পুরে দিলো খাঁচায়!

টুনি তাই টেনশনে
কে যে তারে বাঁচায়?
হঠাৎ কী ভেবে সুখে
লেজখানি নাচায়!

হুলো দেখে হাঁ-হয়ে
ছোটপাখি বলে,
খাঁচাটার ফাঁক গলে
টুনি গেলো চলে!

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

জোনাকি

ও জোনাকি, ও জোনাকি
সত্যি করে বলো।
গায়ের মাঝে আগুন জ্বেলে
কেমন করে চলো?

দিনে আগুন কোথায় হারায়
রাত্রে কোথায় পাও?
কেমন তোমার যাদুর আগুন
একটু বলে যাও।

নয় সে আগুন, আলোর খনি
তাতেই চলি পথ।
ঘন কালো অন্ধকারেও
দিব্যি ছুটাই রথ।

৬.৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

ছোটন সোনা

ঝিঙে গাছে ফিঙে নাচে।
লাউয়ের মাচায়-
টুনটুনি।

সারাটা দিন ছোটন সোনা
বাজায় শুধু-
ঝুনঝুনি।

আয় রে ছোটন, খাবি এখন
খাসনি সোনা-
গতকাল।

বলছে ছোটন, আর কিছুক্ষণ
এখন তো মা-
খুব সকাল!

২৯.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।

ছাতার ওপর কোলাব্যাঙ

মেঘ গুড়গুড়, মাথার ওপর
কিসের ঘ্যাঙর-ঘ্যাঙ?
আরে আরে! ছাতার ওপর
ডাকছে কোলাব্যাঙ।

নাম শিগগির, নাম বলছি
খুব হয়েছো পাজি।
আসুক দাদু, তোমার নামে-
দিচ্ছি বিচার আজি।

দেখবে তখন কেমন লাগে
কী হয় তোমার হাল!
আজ দিনটা সবুর করো
টেরটি পাবে কাল!

০৪.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

চাঁদে যাওয়া

ও মামণি একটুখানি
আমার কথা শোনো।
চাঁদে যাওয়ার পথে আমার
নেই বাঁধা আর কোনো!

সকাল-বিকাল ভেবে ভেবে
উপায় হলো খোঁজা।
তাতেই তো মা চাঁদে যাওয়ার
পথ পেয়েছি সোজা!

সাদা মেঘের ভেলায় বসে
চলবো ভেসে ভেসে
দেখবে আমি পৌঁছে গেছি
চাঁদ মামার ঐ দেশে!

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গুইসাপ

ঝোপের ধারে নড়ে-চড়ে
দিচ্ছে আবার লম্ফ-ঝাপ।
কে ওখানে? বাইরে আসো
সামনে বাড়ো কয়েক ধাপ।

রাও করে না, আয়তো রমা
নেইতো ব্যাটার বুকের মাপ।
বের না হলে নাক বরাবর
মারবো ছুড়ে চায়ের কাপ।

রমা-রমা, পালা-পালা
আসছে তেড়ে গুইসাপ।
আর যাবো না ওদিকটাতে-
ভয় পেয়েছি, বাপরে বাপ।

২৯.৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গাধার বিচার

সারস পাখির সাদা গায়ে
কাক ছুড়েছে কাদা।
তাই বসেছে বিচার বনে
বিচারপতি গাধা।

সেই বিচারে প্রমাণ হলো
দোষ করেছে কাকে।
সবাই বসে দেখছে গাধা
কী সাজা দেয় তাকে।

সবাই দেখে, ভীষণ রেগে
সারসকে সে বলে-
তুমি কেনো সাদা গায়ে
কাকের কাছে গেলে!

০১.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

গাছ কোটরে

গাছ কোটরে
ড. ফরিদুল ইসলাম

দেখ রাফি
ওই গাছ কোটরে
ময়না পাখি বাস যে করে।

ধরবো ওদের
একটু পর
উঠছি গাছে সবুর কর।

হাতটা দিলাম
গর্তে এখন
গা’টা কেমন ঠান্ডা ভীষণ!

ওরে রাফি
ভাগ রে ভাগ
গাছ কোটরে গোখরো সাপ!!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

একটা দোষ

পুলিশ কিবা র‌্যাবই আসুক
কাউকে আমি ডরাই না।
সব বিষয়ে জ্ঞানী আমি
ব্যস্ত বলে পড়াই না।

ক্রিকেট মাঠে দেখবে আমায়
ছক্কা ছাড়া মারি না।
পিঠের ওপর বিরাট বোঝাও
আমার কাছে ভারী না।

রাজু-সাজুর হাতের সদাই
সুযোগ পেলেও কাড়ি না।
বুড়ির গাছের একটি আমও
ঢিলটি ছুঁড়ে পাড়ি না।

ডিবেটিংয়ে আমিই সেরা!
কারো কাছেই হারি না।
দোষের মধ্যে এটাই, শুধু
সত্য বলতে পারি না।

১২.০১.২৫, রাজশাহী।