
বৃষ্টি ও ব্যস্ততা
ড. ফরিদুল ইসলাম
মেঘ গুড়গুড়, দমকা বাতাস
বৃষ্টি এলো ঐ।
রত্না, রনি, মুক্তা, মনি
কই রে তোরা কই!
রোদে দেওয়া ফসল খোলায়
তোল না দ্রুত ঘরে।
শুকনো ফসল ভিজলে দেখিস
কাঁদতে হবে পরে!
আড়ে দেওয়া কাঁথা-কাপড়
শুকিয়ে গেছে ঢের।
মাখলে আবার জল-কাদাতে
কষ্ট পাবি টের।
পালান মাঠে ছাগল বাঁধা
ডাকছে ব্যাঁ-ব্যাঁ করে।
আন শিগগির, কানে পানি
ঢুকলে যাবে মরে।
ডাল মড়মড়, ঘর নড়বড়
ওরে তোরা থাম।
জুলুম ফেলে এখন আবার
কুড়াস কেন আম!
দৌড়-ঝাঁপে প্রাণ যায়-যায়
কাজ হলো যেই শেষ,
থামলো বাতাস, কাটলো যে মেঘ
বৃষ্টি নিরুদ্দেশ।
২৮.০৪.২১
চাঁপাইনবাবগঞ্জ।