ডোবার পাশে পাতি হাঁসে

ডোবার পাশে পাতিহাঁসে
ডিম দিয়েছে নীল।
কে দেখেছে, কে দেখেছে
দেখেছে গাঙচিল।

সে ডিম পেতে, উপর হতে
ছোঁ-মারে চিল যেই,
কোথায় গেলো, কোথায় গেলো
ডিমখানাতো নেই!

এইতো ছিলো, কই হারালো
খুঁজে না পায় চিল।
খোকন সোনা সে ডিম হাতে
হাসছিলো খিলখিল।

১৫.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ডাকুরাম পান্ডে

ডাকুরাম পান্ডে
এই গত সানডে
জড়ালো কী কাণ্ডে।

রমাটাকে বান্ধে
বলে, শোন মন দে
টাকা, নাতো জান দে।

ঘরে রাখা ধান দে
বলছিনা ত্রাণ দে,
ডাকুদের মান দে।

তুই ব্যাটা ফান্দে
রঘু, চাকুখান দে
পাঠাই ওরে চান্দে!

বলতেই পান্ডে
পড়ে খানা-খন্দে।
হাউ-মাউ কান্দে।

৩১.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ট্যাংরা ও ব্যাঙ

ট্যাংরা মাছের কাঁটা খেয়ে
ব্যাঙের এলো জ্বর।
তিন-তিনটে কাঁথা নিয়েও
কাঁপছিলো থর-থর।

ট্যাংরা রেগে ব্যাঙকে বলে
কানটা ‍খুলে শোনো,
শেষবারটি বলছি, মাছ আর-
ধরবে না কক্ষণো।

খলসে-পুঁটি বন্ধু আমার
চিংড়ি আমার ভাই।
ওদের ধরে খাও যদি তো
রক্ষা তোমার নাই।

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টুনি ও হুলো

ছোট পাখি টুনটুনি
নেচে যায় মাচায়।
হুলো গিয়ে ধরে নিয়ে
পুরে দিলো খাঁচায়!

টুনি তাই টেনশনে
কে যে তারে বাঁচায়?
হঠাৎ কী ভেবে সুখে
লেজখানি নাচায়!

হুলো দেখে হাঁ-হয়ে
ছোটপাখি বলে,
খাঁচাটার ফাঁক গলে
টুনি গেলো চলে!

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

জোনাকি

ও জোনাকি, ও জোনাকি
সত্যি করে বলো।
গায়ের মাঝে আগুন জ্বেলে
কেমন করে চলো?

দিনে আগুন কোথায় হারায়
রাত্রে কোথায় পাও?
কেমন তোমার যাদুর আগুন
একটু বলে যাও।

নয় সে আগুন, আলোর খনি
তাতেই চলি পথ।
ঘন কালো অন্ধকারেও
দিব্যি ছুটাই রথ।

৬.৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

ছাতার ওপর কোলাব্যাঙ

মেঘ গুড়গুড়, মাথার ওপর
কিসের ঘ্যাঙর-ঘ্যাঙ?
আরে আরে! ছাতার ওপর
ডাকছে কোলাব্যাঙ।

নাম শিগগির, নাম বলছি
খুব হয়েছো পাজি।
আসুক দাদু, তোমার নামে-
দিচ্ছি বিচার আজি।

দেখবে তখন কেমন লাগে
কী হয় তোমার হাল!
আজ দিনটা সবুর করো
টেরটি পাবে কাল!

০৪.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গুইসাপ

ঝোপের ধারে নড়ে-চড়ে
দিচ্ছে আবার লম্ফ-ঝাপ।
কে ওখানে? বাইরে আসো
সামনে বাড়ো কয়েক ধাপ।

রাও করে না, আয়তো রমা
নেইতো ব্যাটার বুকের মাপ।
বের না হলে নাক বরাবর
মারবো ছুড়ে চায়ের কাপ।

রমা-রমা, পালা-পালা
আসছে তেড়ে গুইসাপ।
আর যাবো না ওদিকটাতে-
ভয় পেয়েছি, বাপরে বাপ।

২৯.৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গাধার বিচার

সারস পাখির সাদা গায়ে
কাক ছুড়েছে কাদা।
তাই বসেছে বিচার বনে
বিচারপতি গাধা।

সেই বিচারে প্রমাণ হলো
দোষ করেছে কাকে।
সবাই বসে দেখছে গাধা
কী সাজা দেয় তাকে।

সবাই দেখে, ভীষণ রেগে
সারসকে সে বলে-
তুমি কেনো সাদা গায়ে
কাকের কাছে গেলে!

০১.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

গাছ কোটরে

গাছ কোটরে
ড. ফরিদুল ইসলাম

দেখ রাফি
ওই গাছ কোটরে
ময়না পাখি বাস যে করে।

ধরবো ওদের
একটু পর
উঠছি গাছে সবুর কর।

হাতটা দিলাম
গর্তে এখন
গা’টা কেমন ঠান্ডা ভীষণ!

ওরে রাফি
ভাগ রে ভাগ
গাছ কোটরে গোখরো সাপ!!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

উৎপাত

রাখলে খাবার মাছি বসে 
ইঁদুর পালায় নিয়ে।
ছুঁচো পালায় খাবারগুলো
নষ্ট করে দিয়ে।

সুযোগ পেলে দুষ্টু মিনি
মাছ ভাজি না ছাড়ে।
তেলাপোকা নোংড়া পায়ে
খাবারগুলো মাড়ে।

টিকটিকি বা মাকড়সাটাও
ওমন কাজের পটু।
ওদের কিছু যায় আসে না
বললে কথা কটু।

এমনতর অত্যাচারের
হয় কি কোনো মানে?
কবে এরা ভদ্র হবে
উপরওয়ালাই জানে।

১৪.০১.২২
চাঁপাইনবাবগঞ্জ।