জি না স্যার, জি না স্যার

জি না স্যার, জি না স্যার
ড. ফরিদুল ইসলাম

যদি পাখিদের ছানা ধরি
তাই নিয়ে খেলা করি।
মা-পাখিটা খুব করে
ছানাদের খুঁজে ফেরে।
কেঁদে ভাসে বুক তার
ধরবো কি ছানা আর?

জি না স্যার, জি না স্যার।

যদি ফড়িংটা ধরে নিয়ে
লেজ বাঁধি সুতা দিয়ে।
উড়াই তা ঘুড়ি করে
ফড়িংটা কেঁদে মরে।
শেষে যায় প্রাণ তার!
ধরবো কি ফড়িং আর?
জি না স্যার, জি না স্যার।

যদি ব্যাঙটাকে ঢিল ছুড়ি
ওকে মেরে মজা করি।
ব্যাঙ বড় ব্যথা পায়
ব্যথায় আসে জ্বর গায়।
বেঁচে থাকা হয় ভার
করবো কি এসব আর?

জি না স্যার, জি না স্যার।

২.৯.২৩
রাজশাহী।

খোকা গেলো মাছ ধরতে

খোকা গেলো মাছ ধরতে
গড়াই নদীর বাঁকে।
জাল ফেলতেই তিতপুঁটিরা
উঠলো ঝাঁকে-ঝাঁকে।

কানা বগি আসলো ধেয়ে।
বললো, বাছা শোনো।
আমার সীমায় তুমি এসে
জাল ফেলেছো কেনো?

মিছেমিছি রাগছো বগি
একলা কি আর নেবো!
অর্ধেকটা আমি নিয়ে
আরটা তোমায় দেবো।

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খোকা ও ঘুঘুপাখি

খোকা চলে স্কুলে ওই
হাতে খাতা-পেন্সিল।
ডালে বসা ঘুঘু পাখি
দেখতেই ছোড়ে ঢিল।

ঘুঘু বলে, সোনা ছেলে
দিতে নেই কষ্ট।
শুধু-শুধু কেনো করো
বন্ধুতা নষ্ট?

ঢিল নয়, ফুল দাও
আমি দেবো পাকা ফল।
তবে সবে সুখে রবো
থাকবে না চোখে জল।

১৬.০৫,২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খোকন সোনার মুদিখানা

খোকন সোনার মুদিখানায়
চলছে ভালো বিকিকিনি।
চাল রয়েছে, ডাল রয়েছে
আছে হলুদ, আদা-চিনি।

ভোলা কেনে, ভুলু কেনে
কেনে খুকির বিড়ালটিও
মিঞ-মিঞ ডেকে বলে
খোকন, দুটো ইলিশ দিও।

খোকন বকে বিড়ালটিকে
করব মেরে আলুর দম।
মুদিখানায় মাছ নিতে চাও
বুদ্ধি তোমার এত কম!

১৭.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।

খোকা গেলো গড়াই বিলে

খোকা গেলো গড়াই বিলে
সঙ্গে গেলো হুলো।
ছিপ ফেলতেই খলসে-পুঁটি
উঠলো অনেকগুলো।

একে একে গুনলো খোকা
মাছ রয়েছে দুটি।
একখানা তার দারকিনা মাছ
একখানা তিতপুঁটি।

খেপলো খোকা। দুষ্টু হুলোর-
চমকে গেলো পিলে।
বললো কেঁদে, খাইনি আমি
সব খেয়েছে চিলে!

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
জেলের জালে পড়লো ধরা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিল পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

কেদার কাকা

কেদার কাকার সাহস ভারী
সিংহ মারেন হাতে।
হয়নি কারো বুকের পাটা
লড়েন কাকার সাথে।

ছোট বড় সবার মুখে
খবর পাড়াময়।
হাতির সাথে পাঙ্গা নিতেও
নেইকো কাকার ভয়।

হঠাৎ কাকার জোর চিৎকার
বাঁচাও-বাঁচাও বলে।
দেখ না আমায়, হুল যে ফোটায়
হাজারটা ভিমরুলে!

নাভিশ্বাসে দৌড়ে এসে
সব বনে যায় বোকা।
ভিমরুল নয়, নাকের ডগায়
দুইখানা উইপোকা!

২৩.০৩.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বক ও পাতিহাঁস

বড় পায়ে বক চলে
ছোটে পায়ে পাতিহাঁস।
দু’জনেই ভালোবাসে
কাঁটাওয়ালা ছোট মাছ।

বক যায় বহুদূর
পাতিহাঁস ফেরে ঘর।
দু’জনেই ফেরে বিলে
রাত পোহাবার পর।

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

পেঁচি বুড়ি

পেঁচি বুড়ি, পেঁচি বুড়ি
মুখ কেন হাঁড়ি?
এক্ষুনি চলে এসো
আমাদের বাড়ি।

খেতে দেবো দুধ-ভাত
খেতে দেবো দই।
মজা হবে যদি সবে
একসাথে রই।

১০.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

নীল পাখি

নীল পাখি, চেয়ে দেখি
পাখা দুটি নেড়ে।
নেচে নেচে চলে যাও
মেঘের উপরে!

নীল পাখি, শেখাবে কি
উড়তে আমায়?
উড়ে উড়ে বহুদুরে
যেতে মন চায়।

১৯.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।