বাদর

বাদরের বাড়ি কোথা
মাটিতে, না গাছে?
কিসে তার ভারী লোভ
মাংস না মাছে?

বাদরের শরীরের
সবই নাকি হাত!
কোন হাত দিয়ে তবে
খায় গো সে ভাত?

পা নেই তবে কি সে
হাত দিয়ে হাঁটে?
ছোটদের দেখে কেনো
ভেংচি সে কাটে?

দিন রাত কেনো চলে
বাদরামি ওর?
জেনে বুঝে নাম তার
কে দিলো বাদর?

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বসবাস

গরু থাকে গোয়ালে
মুরগিরা খোপে।
শেয়ালেরা গর্তে
গুইসাপ ঝোপে।

কাঁকড়ারা কাদাতে
মাছ থাকে জলে।
ভিটামিন থাকে জেনো
তাজা ফলমূলে।

খোকা থাকে ঘরে, আর-
বাঘ মামা বনে।
কুনোব্যাঙ বাস করে
চিপা-চাপা কোনে।

১৩.০৬.২২
চাঁপাইনবাবগঞ্জ।

প্রজাপতি, প্রজাপতি
যাচ্ছো কোথা উড়ে?
আমায় তোমার সঙ্গে নেবে
ঘুরতে কোথাও দূরে?

তোমার মতোই লক্ষ ফুলের
সুবাস নেবো আমি ।
বিনিময়ে পাবে আমার
খেলনা যত দামি!

প্রজাপতি, প্রজাপতি
বলছো না যে কিছু!
এই যে দেখো, সত্যি এবার-
নিলাম তোমার পিছু!

১০.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

পেঁচার পেঁপে

পাকা দুটো
পেঁপে নিয়ে
হাটে গেলো পেঁচা

সারাদিনে
হলো না তো
একটিও বেচা!

বুলবুলি
বলে এসে
টাকাকড়ি নাই।

ফ্রিতে যদি দাও, তবে-
আমি নিতে চাই।

২০.৫.২৫
রাজশাহী।

পুষির পড়া

কখন থেকে যাচ্ছি ডেকে
যায় কি কথা কানে?
পড়ার সময় ফাঁকিবাজির
হয় কি কোনো মানে?

লাফালাফি-ছুটোছুটি
তার বেলাতে বেশ।
পড়ার সময় এলেই কেবল
নেই বাহানার শেষ!

ক’দিন পরে পরীক্ষাতে
করবি যদি ফেল।
তখন পুষি দেবো তোরে
একশ দিনের জেল!

০৪.০৯.২৬
চাঁপাইনবাবগঞ্জ।

পাখিদের নাচ

টুনি নাচে পাতার ফাঁকে
দোয়েল নাচে ডালে।
শালিক নাচে বেড়ার পাশে
ঘুঘু ঘরের চালে।

ময়ূর নাচে মাঝ উঠানে
কাকাতুয়া খাঁচায়।
টিয়া নাচে বারান্দাতে
ফিঙ্গে নাচে মাচায়।

সবার দেখে কাকের নাচার
ইচ্ছে হলো ভারী
হোঁচট খেয়ে পড়ে গিয়ে
খাচ্ছে গড়াগড়ি।

০৩.০২.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

পাখিদের চলাচল

চিল দেখো ওড়ে
মেঘের ওপরে।
উট পাখি হাঁটে
কেবলই মাটিতে।

টুনটুনি নাচে
এ গাছে ও গাছে।
পানকৌড়ি’টায়
জলে দিন কাটায়

হাঁস হেসে চলে
জলে আর স্থলে
আমি চেয়ে দেখি
হরেক এই পাখি।

২.৪.২৫, রাজশাহী।

পটকা ও রুই

পটকা ছোটে, নদীর স্রোতে
সামনে বাধে রুই।
রুক্ষ গলায় পটকা শুধায়
কে রে ব্যাটা তুই?

রুইটা বলে, তুমি কে হে
আমি মাছের রাজা।
তুই-তুকারি করলে পাবে
কঠিনতম সাজা!

পেট ফুলিয়ে পটকা এবার
রুইকে দেখায় ভয়।
পটাস্ করে পেটটি ফেটে
মরণ যে তার হয়!

০৫.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ধেড়ে ও হুলো

জানো! সে কি কাণ্ড!
একখানা ধেড়ে,
বেরোতেই হুলো তাকে
নিয়ে গেলো তেড়ে!

এত করে বলে ধেড়ে
ছাড়েনাকো হুলো।
ধেড়ে তাই হুলোটার
চোখে ছোড়ে ধুলো!

হুলোর কী চিৎকার
চোখ গেল বলে।
সেই ফাঁকে এক লাফে
ধেড়ে গেল চলে!

১১.০৭.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ডালে ডালে দোলন চাঁপা

ডালে ডালে দোলনচাঁপা
ফুটল ওই।
সুবাসে তার খোকন জেগে
উঠল ওই।

খোকন হাসে, চাঁপা হাসে
একসাথে।
ফুল-পাখিরাও যোগ দিয়েছে
এই প্রাতে।

খোকন-চাঁপা, ফুল-পাখিরা
বন্ধু তাই।
সবাই মিলে হাসে, মনে-
দুঃখ নাই।

০৪.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।