পটকা ও রুই

পটকা ছোটে, নদীর স্রোতে
সামনে বাধে রুই।
রুক্ষ গলায় পটকা শুধায়
কে রে ব্যাটা তুই?

রুইটা বলে, তুমি কে হে
আমি মাছের রাজা।
তুই-তুকারি করলে পাবে
কঠিনতম সাজা!

পেট ফুলিয়ে পটকা এবার
রুইকে দেখায় ভয়।
পটাস্ করে পেটটি ফেটে
মরণ যে তার হয়!

০৫.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

নাচানাচি

রুমা নাচে, ঝুমা নাচে
নাচে দেখো জগটা।
কেঁপে কেঁপে নেচে যায়
থালা, বাটি, মগটা।

হাঁড়ি নাচে, বাড়ি নাচে
নাচে ছাদে ফ্যানটা।
নেচে নেচে দৌড়ায়
ভীতু গেটম্যানটা।

সব দেখে ছোট কাকা
দিয়ে ওঠে লম্ফ।
বলে, ওরে পালা পালা
এ যে ভূমিকম্প!

৩১.০৭.২৫
চাঁপাইনবাবগঞ্জ।

ডালে ডালে দোলন চাঁপা

ডালে ডালে দোলনচাঁপা
ফুটল ওই।
সুবাসে তার খোকন জেগে
উঠল ওই।

খোকন হাসে, চাঁপা হাসে
একসাথে।
ফুল-পাখিরাও যোগ দিয়েছে
এই প্রাতে।

খোকন-চাঁপা, ফুল-পাখিরা
বন্ধু তাই।
সবাই মিলে হাসে, মনে-
দুঃখ নাই।

০৪.০৯.২৩
রাজশাহী হতে চাঁপাই যেতে।

ডোবার পাশে পাতি হাঁসে

ডোবার পাশে পাতিহাঁসে
ডিম দিয়েছে নীল।
কে দেখেছে, কে দেখেছে
দেখেছে গাঙচিল।

সে ডিম পেতে, উপর হতে
ছোঁ-মারে চিল যেই,
কোথায় গেলো, কোথায় গেলো
ডিমখানাতো নেই!

এইতো ছিলো, কই হারালো
খুঁজে না পায় চিল।
খোকন সোনা সে ডিম হাতে
হাসছিলো খিলখিল।

১৫.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ডাকুরাম পান্ডে

ডাকুরাম পান্ডে
এই গত সানডে
জড়ালো কী কাণ্ডে।

রমাটাকে বান্ধে
বলে, শোন মন দে
টাকা, নাতো জান দে।

ঘরে রাখা ধান দে
বলছিনা ত্রাণ দে,
ডাকুদের মান দে।

তুই ব্যাটা ফান্দে
রঘু, চাকুখান দে
পাঠাই ওরে চান্দে!

বলতেই পান্ডে
পড়ে খানা-খন্দে।
হাউ-মাউ কান্দে।

৩১.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ট্যাংরা ও ব্যাঙ

ট্যাংরা মাছের কাঁটা খেয়ে
ব্যাঙের এলো জ্বর।
তিন-তিনটে কাঁথা নিয়েও
কাঁপছিলো থর-থর।

ট্যাংরা রেগে ব্যাঙকে বলে
কানটা ‍খুলে শোনো,
শেষবারটি বলছি, মাছ আর-
ধরবে না কক্ষণো।

খলসে-পুঁটি বন্ধু আমার
চিংড়ি আমার ভাই।
ওদের ধরে খাও যদি তো
রক্ষা তোমার নাই।

০৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

টুনি ও হুলো

ছোট পাখি টুনটুনি
নেচে যায় মাচায়।
হুলো গিয়ে ধরে নিয়ে
পুরে দিলো খাঁচায়!

টুনি তাই টেনশনে
কে যে তারে বাঁচায়?
হঠাৎ কী ভেবে সুখে
লেজখানি নাচায়!

হুলো দেখে হাঁ-হয়ে
ছোটপাখি বলে,
খাঁচাটার ফাঁক গলে
টুনি গেলো চলে!

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ছোটন সোনা

ঝিঙে গাছে ফিঙে নাচে।
লাউয়ের মাচায়-
টুনটুনি।

সারাটা দিন ছোটন সোনা
বাজায় শুধু-
ঝুনঝুনি।

আয় রে ছোটন, খাবি এখন
খাসনি সোনা-
গতকাল।

বলছে ছোটন, আর কিছুক্ষণ
এখন তো মা-
খুব সকাল!

২৯.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।

গুইসাপ

ঝোপের ধারে নড়ে-চড়ে
দিচ্ছে আবার লম্ফ-ঝাপ।
কে ওখানে? বাইরে আসো
সামনে বাড়ো কয়েক ধাপ।

রাও করে না, আয়তো রমা
নেইতো ব্যাটার বুকের মাপ।
বের না হলে নাক বরাবর
মারবো ছুড়ে চায়ের কাপ।

রমা-রমা, পালা-পালা
আসছে তেড়ে গুইসাপ।
আর যাবো না ওদিকটাতে-
ভয় পেয়েছি, বাপরে বাপ।

২৯.৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গাছ কোটরে

গাছ কোটরে
ড. ফরিদুল ইসলাম

দেখ রাফি
ওই গাছ কোটরে
ময়না পাখি বাস যে করে।

ধরবো ওদের
একটু পর
উঠছি গাছে সবুর কর।

হাতটা দিলাম
গর্তে এখন
গা’টা কেমন ঠান্ডা ভীষণ!

ওরে রাফি
ভাগ রে ভাগ
গাছ কোটরে গোখরো সাপ!!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।