হাতি পড়ে গর্তে

হাতি পড়ে গর্তে
হাসে হনুমান।
বাচ্চা শুয়োরগুলো
বলে লাঠি আন।

কেউ দেয় পিটুনি
কেউ টানে লেজ।
হা হয়ে দেখে সবে
ছানাদের তেজ!

হাতি যেই উঠে পড়ে
ফিরে পায় জোর।
শুয়োরের বাচ্চারা
দেয় যে ভোঁ-দৌড়।

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

সুয্যি মামার ঘুম

জানো কি মা
সুয্যি মামা
নিত্য জাগে ভোরে!

আবার মামা
সন্ধ্যাবেলা
ঘুমায় নিয়ম করে!

জন্ম থেকেই
মামার নাকি
এমন নিয়ম মানা।
একটা দিনও
ভাঙেনি সে
ঘুমের রুটিনখানা!

১২.১২.২৪, রাজশাহী।

সিংহ মামা

সিংহ মামা, সিংহ মামা
করছি তোমায় মানা।
এখন থেকে ভেড়ার দলে
আর দেবে না হানা।

ওরা দেখো শান্ত ভীষণ
তোমায় নিয়েই ভয়।
সারাটা ক্ষণ ভয়ে থাকে
কখন যে কী হয়!

তুমিও তো ওদের মতো
খেতেই পারো ঘাস।
তাতেও যদি পেট না ভরে
করিও চাষবাস।

১৫.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

সাজুগুজু

খুকু করে সাজুগুজু
স্নো মাখে চুলে!
কাজলটা কোথা দেবে
খুকু গেলো ভুলে।

পরে যেই মনে হলো
মেখে নিলো গালে!
লিপস্টিক নাকে মাখে

আইব্রো কপালে!
চুড়িগুলো পায়ে নিলো
নূপুরটা কানে!
খুকুমণি সাজুগুজু
খুব ভালো জানে!

৩০.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

সাঁতার শেখা

ও কোলাব্যাঙ, শুনছো না যে
যাচ্ছি কতো ডেকে।
এমন ভালো সাঁতার তুমি
শিখলে কোথা থেকে!

কোন কোচিংয়ে ক্লাস করেছো
শেখালো কোন স্যার?
সেখান থেকেই শিখবো আমি
নামটা বলো তার।

ব্যাঙ হেসে কয়, তেমনটা নয়
শিখতে হলে।
খোকা তোমায় সাহস করে
নামতে হবে জলে।

৩০.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

শংকর মামা ও বাঘ

জু-তে গেলো ঘুরতে
শংকর মামা।
বাঘ ছিলো খালি গায়ে
দিতে গেলো জামা।

হুংকার ছেড়ে বাঘ
ধরে ফেলে ঘাড়।
আটকায় বাঘটারে
সে সাধ্য কার!

চিৎকার করে মামা
বলে, ব্যাটা ছাড়।
যার-তার উপকার
করবো না আর।

০৭.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

রাগ করেছে খোকন সোনা

রাগ করেছে
খোকন সোনা
কারো কাছেই যাচ্ছে না।

শত করে
বলার পরেও
কিচ্ছুটি সে খাচ্ছে না।

নিচ্ছে সবাই
মণ্ডা-মিঠাই
সে বুঝি আর পাচ্ছে না।

কাঁদছে সে তাই
কেনো সবাই
আরেকটি বার সাধছে না!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
দেখলো যারা, ধরলো তারা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিলো পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

রান্নাঘরে ঢুকে মিনি

রান্নাঘরে ঢুকে মিনি
খেলো ইলিশ ভাজি।
তাই তো খোকা খুব ক্ষেপেছে
শাস্তি দেবে আজি।

বসলো খোকা চেয়ার পেতে
যেমন বসেন রাজা।
হাজির হলো দেখতে সবাই
কী হয় মিনির সাজা।

বললো মিনি, আগে খোকা
আমার কথা শোনো।
ক্ষুধায় ছিলাম, তাই খেয়েছি
শাস্তি দেবে কেনো?

১১.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মানুষ হওয়া চাই

আম্মু বলে লক্ষ্মী ছেলে
মনটা দিয়ে পড়ো।
হতেই হবে ডাক্তার বা-
ইঞ্জিনিয়ার বড়ো।

আব্বু বলে হতে হলে
বিশাল ব্যারিস্টার,
লেখাপড়া ভিন্ন কিছু
পথ জেনো নাই আর।

দাদু মাথায় হাত বুলিয়ে
বলেন দাদু ভাই,
সবার আগে সোনারে তোর-
মানুষ হওয়া চাই।

০৮.০৫.২৩

চাঁপাইনবাবগঞ্জ।