ছোটন সোনা

ঝিঙে গাছে ফিঙে নাচে।
লাউয়ের মাচায়-
টুনটুনি।

সারাটা দিন ছোটন সোনা
বাজায় শুধু-
ঝুনঝুনি।

আয় রে ছোটন, খাবি এখন
খাসনি সোনা-
গতকাল।

বলছে ছোটন, আর কিছুক্ষণ
এখন তো মা-
খুব সকাল!

২৯.১০.২০
চাঁপাইনবাবগঞ্জ।

গুইসাপ

ঝোপের ধারে নড়ে-চড়ে
দিচ্ছে আবার লম্ফ-ঝাপ।
কে ওখানে? বাইরে আসো
সামনে বাড়ো কয়েক ধাপ।

রাও করে না, আয়তো রমা
নেইতো ব্যাটার বুকের মাপ।
বের না হলে নাক বরাবর
মারবো ছুড়ে চায়ের কাপ।

রমা-রমা, পালা-পালা
আসছে তেড়ে গুইসাপ।
আর যাবো না ওদিকটাতে-
ভয় পেয়েছি, বাপরে বাপ।

২৯.৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

গাছ কোটরে

গাছ কোটরে
ড. ফরিদুল ইসলাম

দেখ রাফি
ওই গাছ কোটরে
ময়না পাখি বাস যে করে।

ধরবো ওদের
একটু পর
উঠছি গাছে সবুর কর।

হাতটা দিলাম
গর্তে এখন
গা’টা কেমন ঠান্ডা ভীষণ!

ওরে রাফি
ভাগ রে ভাগ
গাছ কোটরে গোখরো সাপ!!

০৬.১২.২৪
চাঁপাইনবাবগঞ্জ।

আজ আমাদের ছুটি

আজ আমাদের ছুটি।
করবো ছুটোছুটি।
কাক তাড়াবো, বক তাড়াবো
ধরবো চুনোপুঁটি।

আজ আমাদের ছুটি।
সকল ছেলে জুটি
আম কুড়াবো, জাম কুড়াবো
পাড়বো ড্যাপল দুটি।

আজ আমাদের ছুটি।
করবো লুটোপুটি।
বউচি, নাকি কানামাছি
তাই নিয়ে খুনসুটি।

আজ আমাদের ছুটি।
কলার ভেলায় উঠি
মজায় মজায় ভাসবো, বাসায়-
দিক না বকা দুটি।

১৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

খোকা গেলো মাছ ধরতে

খোকা গেলো মাছ ধরতে
গড়াই নদীর বাঁকে।
জাল ফেলতেই তিতপুঁটিরা
উঠলো ঝাঁকে-ঝাঁকে।

কানা বগি আসলো ধেয়ে।
বললো, বাছা শোনো।
আমার সীমায় তুমি এসে
জাল ফেলেছো কেনো?

মিছেমিছি রাগছো বগি
একলা কি আর নেবো!
অর্ধেকটা আমি নিয়ে
আরটা তোমায় দেবো।

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

আজ পুতুলের বিয়ে

আজ পুতুলের বিয়ে
আলতা-কাজল দিয়ে।
টোপর মাথায় বর এসেছে
পাগলা ঘোড়া নিয়ে।

হলো মজার রান্না।
প্যাঁচা বেশি খান না।
ন-গামলা শেষ করে কয়
আর বেশি সে চান না!

তাই-তাই খেলি

গুনগুন গেয়ে
টিপটিপ পায়ে
টুনটুন চলে
যেতে যেতে বলে।
আয় আয় সবে
হই হই রবে।
হাতে হাতে মেলি
তাই-তাই খেলি।