মেঘ গুড়গুড় মেঘলা দিনে

মেঘ গুড়গুড় মেঘলা দিনে
নামলো ভীষণ ঢল।
কৈ মাছেরা উঠলো গেয়ে
ডাঙায় যাবো চল।

হেসে হেসে, নেচে নেচে
উঠলো সবাই পাড়ে।
দেখলো যারা, ধরলো তারা
ভীষণ বিপদ ঘাড়ে!

নিজের ভুলেই কৈ মাছেরা
আনলো বিপদ টানি।
জীবন দিয়ে বুঝলো তাদের
আবাস ছিলো পানি।

২৩.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

রান্নাঘরে ঢুকে মিনি

রান্নাঘরে ঢুকে মিনি
খেলো ইলিশ ভাজি।
তাই তো খোকা খুব ক্ষেপেছে
শাস্তি দেবে আজি।

বসলো খোকা চেয়ার পেতে
যেমন বসেন রাজা।
হাজির হলো দেখতে সবাই
কী হয় মিনির সাজা।

বললো মিনি, আগে খোকা
আমার কথা শোনো।
ক্ষুধায় ছিলাম, তাই খেয়েছি
শাস্তি দেবে কেনো?

১১.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মানুষ হওয়া চাই

আম্মু বলে লক্ষ্মী ছেলে
মনটা দিয়ে পড়ো।
হতেই হবে ডাক্তার বা-
ইঞ্জিনিয়ার বড়ো।

আব্বু বলে হতে হলে
বিশাল ব্যারিস্টার,
লেখাপড়া ভিন্ন কিছু
পথ জেনো নাই আর।

দাদু মাথায় হাত বুলিয়ে
বলেন দাদু ভাই,
সবার আগে সোনারে তোর-
মানুষ হওয়া চাই।

০৮.০৫.২৩

চাঁপাইনবাবগঞ্জ।

মাটির পুতুল

দেখো মাগো মাটির পুতুল
খেলনা হাঁড়ি আরো!
কোথা থেকে পেলাম এসব
বলতে কি মা পারো?

বুবুর সাথে সরষেক্ষেতে
বথুয়া শাক তুলে
রেখেছিলাম যত্ন করে
গায়ের চাদর খুলে।

সে শাক নিয়ে আমি-বুবু
গেলাম কুমোরবাড়ি।
তাতেইতো মা পুতুল নিলাম
নিলাম খেলার হাঁড়ি।

২৫.০১.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

মাকড়সা

মাকড়সা, মাকড়সা
ইয়া-বড় পেট।
পেট থেকে ‍সুতো নিয়ে
বুনে যাও নেট।

সেই নেট কৌশলে
রাখো তুমি পেতে।
পোকা তাতে আটকায়
উড়ে যেতে যেতে।

মাকড়সা, তোমার কি
দয়া-মায়া নেই?
পোকাগুলো খাও, নেটে
আটকায় যেই!

২০.০৬.২৫, রাজশাহী।

বাদর

বাদরের বাড়ি কোথা
মাটিতে, না গাছে?
কিসে তার ভারী লোভ
মাংস না মাছে?

বাদরের শরীরের
সবই নাকি হাত!
কোন হাত দিয়ে তবে
খায় গো সে ভাত?

পা নেই তবে কি সে
হাত দিয়ে হাঁটে?
ছোটদের দেখে কেনো
ভেংচি সে কাটে?

দিন রাত কেনো চলে
বাদরামি ওর?
জেনে বুঝে নাম তার
কে দিলো বাদর?

০৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বাঁকির ক্রেতা

– ও দোকানি
– কওগো শুনি।

– জিনিস নেবো।
– কী কী দেবো?

– লিস্টের এসব।
– দিচ্ছি সেসব।

– কতো হলো?
– একশো ষোলো।

– ব্যাগে ভরো।
– দামটা ছাড়ো।

– নিচ্ছি বাঁকি।
– খ্যাপা নাকি!

০৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

বসবাস

গরু থাকে গোয়ালে
মুরগিরা খোপে।
শেয়ালেরা গর্তে
গুইসাপ ঝোপে।

কাঁকড়ারা কাদাতে
মাছ থাকে জলে।
ভিটামিন থাকে জেনো
তাজা ফলমূলে।

খোকা থাকে ঘরে, আর-
বাঘ মামা বনে।
কুনোব্যাঙ বাস করে
চিপা-চাপা কোনে।

১৩.০৬.২২
চাঁপাইনবাবগঞ্জ।

প্রজাপতি, প্রজাপতি
যাচ্ছো কোথা উড়ে?
আমায় তোমার সঙ্গে নেবে
ঘুরতে কোথাও দূরে?

তোমার মতোই লক্ষ ফুলের
সুবাস নেবো আমি ।
বিনিময়ে পাবে আমার
খেলনা যত দামি!

প্রজাপতি, প্রজাপতি
বলছো না যে কিছু!
এই যে দেখো, সত্যি এবার-
নিলাম তোমার পিছু!

১০.০৯.২২
চাঁপাইনবাবগঞ্জ।

পেঁচার পেঁপে

পাকা দুটো
পেঁপে নিয়ে
হাটে গেলো পেঁচা

সারাদিনে
হলো না তো
একটিও বেচা!

বুলবুলি
বলে এসে
টাকাকড়ি নাই।

ফ্রিতে যদি দাও, তবে-
আমি নিতে চাই।

২০.৫.২৫
রাজশাহী।