
হাতি ছানার বিয়ে
ড. ফরিদুল ইসলাম
ঢোলক বাজে, সানাই বাজে
হাতিছানার বিয়ে।
চার বেহারা হাজির হলো
পালকি কাঁধে নিয়ে।
বাল্কি দেহের হাতিছানা
পাল্কি-মাঝে ওঠে।
হুন-হুনাহুন আওয়াজ তুলে
চার বেহারা ছোটে।
২০.০৬.২৫, রাজশাহী।

হাতি ছানার বিয়ে
ড. ফরিদুল ইসলাম
ঢোলক বাজে, সানাই বাজে
হাতিছানার বিয়ে।
চার বেহারা হাজির হলো
পালকি কাঁধে নিয়ে।
বাল্কি দেহের হাতিছানা
পাল্কি-মাঝে ওঠে।
হুন-হুনাহুন আওয়াজ তুলে
চার বেহারা ছোটে।
২০.০৬.২৫, রাজশাহী।

শোন ভাই কাক
ড. ফরিদুল ইসলাম
শোন ভাই কাক
চুপচাপ থাক।
কিসের এত ডাকাডাকি
এত হাঁক-ডাক!
আরে ভাই যা না
তুই কি রে কানা?
দেখিস না ভয়ে মরে
ছোট ছোট ছানা!
২৭.০৯.২৫, রাজশাহী।

আটকে ফাঁদে
ড. ফরিদুল ইসলাম
আটকে ফাঁদে ভীষণ কাঁদে
শেয়াল মামা।
ভুলু বকে জোর ধমকে
কান্না থামা!
ভাবিসনি তো মুরগি দুটো
চুরির আগে।
দেখবি এখন জেল হাজতে
কেমন লাগে!
১৬.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

লক্ষ্মীসোনা চাঁদের কণা
ড. ফরিদুল ইসলাম
লক্ষীসোনা চাঁদের কণা
চাঁদের মতোই হাসে।
কিন্তু সোনা চাঁদটাকে না
মাকেই ভালোবাসে।
চাঁদ ডুবে যায়, তারাও হারায়
হারায় আবার আসে।
কিন্তু মা তার দিবা-নিশি
রয় যে তারই পাশে।
২৫.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

যাচ্ছে মামা বৈদ্য বাড়ি
ড. ফরিদুল ইসলাম
যাচ্ছে মামা
বৈদ্যবাড়ি,
তার হয়েছে
অসুখ ভারী।
সামনে পেলেই
নিচ্ছে খেয়ে,
একশো লোকের
ভাতের হাঁড়ি!
১০.২.২৪, রাজশাহী।

মিনি ডাকে মিঞ-মিঞ
ড. ফরিদুল ইসলাম
মিনি ডাকে
মিঞ-মিঞ
দেখলে দুধের বাটি।
মিনিই আসে
সবার আগে
পাতলে খাবার পাটি।
মিনি থাকে
দুরে দুরে
দেখলে কাদামাটি।
মিনির গা’টা
তুলতুলে, আর-
ভীষণ পরিপাটি!
০৪.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ব্যাঙ মেহমান
ড. ফরিদুল ইসলাম
ও কোলাব্যাঙ, ও কোলাব্যাঙ
দাওয়াত খেয়ে যাও।
রেঁধে দেবো কোরমা-পোলাও
আরো যা যা চাও!
খাবার শেষে পাবে তুমি
মিষ্টি খিলিপান।
কারণ, তুমি খোকন সোনার
স্পেশাল মেহমান!
০৬.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ব্যাঙের এলো জ্বর
ড. ফরিদুল ইসলাম
সকাল-সাঁঝে ভিজে ভিজে
ব্যাঙের এলো জ্বর।
যাচ্ছে না তাই পুকুর-ডোবায়
থাকছে শুয়ে ঘর।
হুলো এলো ওষুধ নিয়ে
জ্বর পালালো তাতে।
সেদিন থেকেই হুলোর খাতির
কোলাব্যাঙের সাথে।
০৮.১০.২২
চাঁপাইনবাবগঞ্জ।

বৃষ্টি ও নৌকা
ড. ফরিদুল ইসলাম
ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে
উঠোন হলো নদী।
হারুন বলে দারুণ হতো
থাকতো ভেলা যদি!
খোকন বলে নেই ভেলা তো
বয়েই গেছে তাতে।
কাগজ দিয়ে নৌকা গড়ে
ভাসাই নিজের হাতে।
০৪.০৬.২৩
চাঁপাইনবাবগঞ্জ।

ইঁদুর ও বিস্কুট
ড. ফরিদুল ইসলাম
খোকন সোনার বড্ড প্রিয়-
বিস্কুট।
নেংটি ইঁদুর নিচ্ছে খেয়ে-
কুটকুট।
হুলো বলে হচ্ছেটা কী-
অদ্ভুত!
নেংটি তখন ভীষণ ভয়ে-
দেয় ছুট।
২৮.০৫.২৩
চাঁপাইনবাবগঞ্জ।